কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ! বৃহস্পতিবার জম্মুর কানাচক সেক্টরে বিএসএফের হাতে গ্রেপ্তার হলেন এক সন্দেহভাজন পাকিস্তানি যুবক। কী কারণে তিনি এ দেশে প্রবেশ করেছিলেন, তা এখনও জানা যায়নি। উপত্যকায় কি বড় কোনও ষড়যন্ত্র করেছিলেন তিনি, উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সোহান বর্ডার আউটপোস্টের কাছে বিএসএফের ৪৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেই সময় তাঁরা ওই পাক যুবককে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে ছুটে আসেন ওই সেক্টরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)। বিএসএফের একটি সূত্রের খবর, ধৃতের নাম নাজির। তিনি পাকিস্তানের শিয়ালকোট জেলার লুনি গ্রামের বাসিন্দা। কিন্তু কী কারণে তিনি ভারতে প্রবেশ করেছেন, তা এখনও জানা যায়নি। বর্তমানে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে জওয়ানরা। ভুলবশত তিনি কাঁটাতার পেরিয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, জম্মুর যে অঞ্চলে নাজির গ্রেপ্তার হয়েছেন, সেটি অত্যন্ত সংবেদনশীল এলাকা। মাঝেই মাঝেই এখান থেকে অনুপ্রবেশ ঘটে। শুধু তাই নয়, চোরাচালানকারীদেরও নজরে থাকে এই অঞ্চলটি। তাই কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরে জম্মু সীমান্তে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। চলতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রামগড় সেক্টরের চক মাজরা গ্রামের কাছে এক পাকিস্তানি যুবক অনুপ্রবেশের চেষ্টা করেন। বিএসএফের হাতে ধরা পড়লে তিনি পালটা জওয়ানদের উপর হামলার চেষ্টা করেন। তবে বিএসএফের গুলিতে মৃত্যু হয় তাঁর।
