সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আগে আগে দেশের অন্তত সাড়ে সাত কোটি মানুষকে ব্যক্তিগতভাবে চিঠি লিখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী লেখা থাকবে সেই চিঠিতে? না, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্পের (যার পোশাকি নাম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা) কার্য পদ্ধতি এবং এর সুবিধা-অসুবিধা। প্রধানমন্ত্রীর সেই চিঠির বয়ান লেখা হয়ে গিয়েছে। চিঠি ছাপিয়ে ইতিমধ্যেই বিলি করাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু মোদির এই চিঠি লেখা নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ আনল বামেরা।
[পড়ে গেলেন চিত্র সাংবাদিক, সাহায্যের হাত বাড়িয়ে প্রশংসা কুড়োলেন রাহুল]
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রের খবর, মোদি দু’পাতার একটি চিঠি লিখেছেন। তাতে মূলত আয়ুষ্মান ভারতের সুবিধার কথা লেখা থাকলেও চিঠিটিতে থাকছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উপলব্ধিও। মোদি লিখেছেন, “আমি জীবনে দারিদ্র খুব কাছ থেকে দেখেছি। গরিবদের উঁচুশ্রেণিতে তুলে আনার সেরা উপায় হল তাদের হাতে আরও ক্ষমতা দেওয়া। তাই যখন থেকে আমি প্রধানমন্ত্রী হয়েছি, মানুষের সেবা করার সুযোগ পেয়েছি তখন থেকেই গরিবদের ক্ষমতায়নের কথা ভেবেছি। আমার লক্ষ্য শুধু গরিব মানুষ, বিশেষ করে মহিলাদের আরও শক্তি দেওয়া।” এরপরই সরকারের একের পর এক প্রকল্পের সুবিধা বর্ণিত আছে চিঠিটিতে। যে প্রকল্পগুলি চিঠিতে স্থান পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা, সৌভাগ্য যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, এবং অন্যান্য প্রকল্প।
[ঋণমকুবের নামে প্রহসন, মধ্যপ্রদেশে মাত্র ১৩ টাকা ছাড় পেলেন কৃষক]
কিন্তু, এখানেই আপত্তি বিরোধীদের। তাঁরা বলছেন, মোদির মূল উদ্দেশ্য আসলে আয়ুষ্মান ভারতের প্রচার নয়, নিজের প্রচার। শুধু আয়ুষ্মান ভারতের প্রচার করাই যদি সরকারের উদ্দেশ্য হত তাহলে অন্যান্য প্রকল্পের কথা উল্লেখ করা হত না। আসলে, ভোটের আগে আগে সরকারি খরচে নিজেদের প্রচার করছে বিজেপি। এটা নির্বাচনী গিমিক ছাড়া কিছুই নয়। তাছাড়া এই চিঠি লিখতে যে টাকা খরচ হচ্ছে তাঁর উৎস নিয়েও প্রশ্ন তুলছেন সিপিএম সাংসদ। এম বি রাজেশ নামের ওই সাংসদ বলছেন, “প্রধানমন্ত্রী এমন একটা চিঠিতে সরকারের প্রচার করছেন যার মূল উদ্দেশ্য ছিল আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রচার করার কথা ছিল। এক একটা চিঠি পাঠাতে খরচ হচ্ছে ৪০ টাকা পর্যন্ত। আয়ুষ্মান ভারত প্রকল্পের মোট বরাদ্দই ২ হাজার কোটি টাকা। তাহলে এই চিঠির টাকা আসছে কোথা থেকে। “
The post সরকারি টাকায় ভোটের প্রচার! মোদির চিঠি নিয়ে বিস্ফোরক অভিযোগ বিরোধীদের appeared first on Sangbad Pratidin.
