shono
Advertisement
fuel price hike

দফায় দফায় বাড়ছে তেল-গ্যাসের দাম! 'শক্তি উৎপাদনে স্বনির্ভর হওয়ার পথে ভারত', বললেন মোদি

'গত ১২ বছর ধরে আমরা চেষ্টা করেছি শক্তিক্ষেত্রে ভারত যেন স্বনির্ভর হয়ে ওঠে', বলছেন মোদি। জানিয়েছেন, দেশের গ্যাস এবং তৈল সম্পদ উত্তোলনে বড়সড় সাফল্য মিলেছে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:09 PM Jun 10, 2026Updated: 09:09 PM Jun 10, 2026

ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট। ভারতেও এই সংকটের বড়সড় প্রভাব পড়েছে। দফায় দফায় বেড়েছে পেট্রল, ডিজেলে, সিএনজির দাম। মহার্ঘ হয়েছে বাণিজ্যিক এবং গৃহস্থের রান্নার গ্যাস। এহেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, দেশের গ্যাস এবং তৈল সম্পদ উত্তোলনে বড়সড় সাফল্য মিলেছে। এছাড়াও নানা ক্ষেত্রে শক্তি উৎপাদনে জোর দিচ্ছে ভারত, জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement

একটানা ভারতের ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এই নতুন নজির গড়ার পর এনডিএর সম্মেলনে দীর্ঘ বক্তৃতা দেন তিনি। গ্যাস সংকট নিয়ে সরাসরি কিছু বলেননি মোদি। তবে তিনি বলেন, "গত ১২ বছর ধরে আমরা চেষ্টা করেছি শক্তিক্ষেত্রে ভারত যেন স্বনির্ভর হয়ে ওঠে। লাল কেল্লা থেকে আমি সমুদ্র মন্থন প্রকল্পের ডাক দিয়েছিলাম। সম্প্রতি সেখানে সাফল্য মিলেছে। অর্থাৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে আগামী দিনে অনেক সুযোগ আসবে। সেগুলোকে কাজে লাগিয়ে ৫০০ গিগাওয়াট পুনর্ব্যবহারযোগ্য শক্তি তৈরির চেষ্টা করতে হবে।"

প্রথাগত শক্তি সম্পদের পাশাপাশি সৌরশক্তিতে ভারত অনেক উন্নতি করেছে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি পারমাণবিক শক্তিসম্পদ বৃদ্ধির পক্ষেও সওয়াল করেছেন তিনি। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, "গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি, ব্রিডার রিয়্যাক্টর প্রযুক্তিতে আমরা কত দ্রুত এগিয়েছি। এই প্রযুক্তিই আমাদের পারমাণবিক শক্তি উৎপাদনে স্বনির্ভর করে তুলবে। গ্রিন হাইড্রোজেন এবং গ্রিন অ্যামোনিয়া উৎপাদনেও এগিয়ে যাচ্ছে ভারত।"

উল্লেখ্য, পূর্ব ভারতের সমুদ্রে যে বিশাল জ্বালানি তেলের ভাণ্ডার থাকতে পারে বহুবার সেই ইঙ্গিত পেয়েছে কেন্দ্র। তবে নানা জটিলতার জেরে সমুদ্রতলে জরিপের কাজ চালানো যায়নি। তবে সংকটজনক পরিস্থিতি ও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এবার কোমর বেঁধে মাঠে নামছে সরকার। বঙ্গোপসাগরের নিচে লুকিয়ে থাকা তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার অনুসন্ধানে চলছে কাজ। সম্প্রতি আন্দামান উপকূলীয় অববাহিকায় আরও একটি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে ভারত। মোদির আশা, এই ক্ষেত্রগুলিতে আগামী দিনে আরও ইতিবাচক খবর মিলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement