ক'দিন আগে জানা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই প্রথম কোনও রাষ্ট্রনায়ক, যাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছুঁয়ে ফেলেছে ১০ কোটি। এবার ডিজিটাল দুনিয়ায় আরও এক রেকর্ড গড়লেন তিনি। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসাবে ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা তিন কোটি ছাড়াল প্রধানমন্ত্রীর। এখানেই শেষ নয়, এর পাশাপাশি সবচেয়ে বেশি ‘সাবস্ক্রাইবড’ চ্যানেলও মোদির ইউটিউব অ্যাকাউন্ট। সব মিলিয়ে ডিজিটাল দুনিয়ায় মোদির ধারেকাছে নেই ডোনাল্ড ট্রাম্প কিংবা ভ্লাদিমির পুতিন।
ট্রাম্প বা পুতিন না থাকলেও ইউটিউবে মোদির পরেই রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। যদিও মোদির তুলনায় তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা মাত্র এক-চতুর্থাংশ। অন্যদিকে ট্রাম্পের তুলনায় বিশ্ব ব্যাপি মোদির সাবস্ক্রাইবার সাত গুণ বেশি। অন্যদিকে স্বদেশি নেতারাও মোদির তুলনায় অনেকটাই পিছিয়ে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাবস্ক্রাইবার মোদির তুলনায় তিন গুণ কম। রাহুলের পিছনে রয়েছেন আম আদমি পার্টি।
ইনস্টাগ্রামে মোদির ফলোয়ার সংখ্যা যেখানে ১০ কোটি ছাড়িয়েছে। সেখানে ট্রাম্পের ফলোয়ার মাত্র ৪ কোটি ৩২ লক্ষ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পারবো সুবিয়ান্তো ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় তৃতীয়। তাঁর ফলোয়ার সংখ্যা দেড় কোটি। চতুর্থ স্থানে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসানোরা। যদিও মোদির থেকে অনেকখানিই পিছিয়ে তিনি। তাঁর ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৪ লক্ষ। পঞ্চম স্থানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তাঁর ইনস্টা ফলোয়ার সংখ্যা ১ কোটি ১৬ লক্ষ।
প্রসঙ্গত, এই তালিকা থেকেই স্পষ্ট যে সোশাল প্ল্যাটফর্মে জনপ্রিয়তার দিক থেকে বহু গুণ এগিয়ে রয়েছেন মোদি। ভারত তো বটেই, গোটা বিশ্ব তাঁকে নিয়ে ঠিক কতটা আগ্রহী, এই পরিসংখ্যান তারই প্রমাণ। দুনিয়ার কোনও রাষ্ট্রনায়কের হ্যান্ডেলে এত ফলোয়ার নেই। এমনকী, নিজের পিছনে থাকা পাঁচ রাষ্ট্রনেতার সম্মিলিত ফলোয়ার সংখ্যা মোদির চেয়ে কম।
