জল্পনাতেই সিলমোহর পড়তে চলেছে! এবার কি সরাসরি এনডিএ-তে যোগ দিতে চলেছে শরদ পওয়ারের এনসিপি? জল্পনা আরও বাড়িয়ে দিলেন পওয়ার নিজেই। মেয়ে সুপ্রিয়া সূলেকে নিয়ে সোজা চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বাসভবনে। প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় শরদ পওয়ার (Sharad Pawar) এবং সুপ্রিয়া সূলের।
সরকারিভাবে ওই সাক্ষাতের কারণ, শরদ পওয়ার নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা চান। তিনি কৃষকদের সমস্যা, বিশেষ করে সেচের জলের সমস্যা নিয়ে একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর হাতে জমা দিয়ে এসেছেন। তবে রাজনীতির কারবারিরা মনে করছেন, ওই বৈঠক শুধু কৃষকের ইস্যুতে আলোচনার জন্য হয়নি। ওই বৈঠকেই সম্ভবত আগামী দিনে মহারাষ্ট্র ও জাতীয় রাজনীতির গতিপ্রকৃতি স্থির হয়েছে।
শরদ পওয়ার ও মোদির সাক্ষাৎ। ছবি: সোশাল মিডিয়া।
আসলে মহারাষ্ট্রের রাজনীতিতে গত কয়েকদিন ধরেই জল্পনা, শরদ পওয়ার ইন্ডিয়া শিবিরের হাত ছেড়ে এনডিএ শিবিরে যোগ দিতে পারেন। প্রধানমন্ত্রীর সঙ্গে পওয়ারের বৈঠকে সেই জল্পনা জোরালো হল। এমনিতেই মোদির সঙ্গে শরদ পওয়ারের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো। এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে শরদ পওয়ারের প্রশংসা করেছেন। তেমন শরদ পওয়ার সরকারের নীতির বিরোধিতা করলেও সরাসরি মোদিকে তোপ দাগেন না। এদিন বৈঠকেও শরদ এবং মোদির মধ্যে পুরনো সখ্য ধরা পড়েছে। বর্ষীয়ান রাজনীতিবিদ পওয়ারকে নিজে এগিয়ে গিয়ে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেসব ছবিও প্রকাশ্যে এসেছে। এর আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সঙ্গে বৈঠক হয়েছে শরদ পওয়ারের। গোপনে তিনি দেখা করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গেও। তাতে এনসিপি-এসসিপির সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা আরও বাড়ছে।
তাহলে কি এনসিপি-এসসিপির এনডিএতে যোগ সময়ের অপেক্ষা? আরও একটা সম্ভাবনার অঙ্ক অবশ্য রয়েছে। রাজনৈতিক মহলে খবর, বিজেপি চাইছে এনসিপির দুই শিবির নিজেদের মধ্যে মিশে যাক। এবং সম্মিলিত এনসিপি যোগ দিক এনডিএ জোটে। সেই নিয়েই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেছেন শরদ পওয়ার। যদিও শরদ শিবির সেসব জল্পনা খারিজ করে দিচ্ছে। তাদের দাবি, পওয়ার সাহেব কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। মঙ্গলবারও ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যন্তরমন্তরে গিয়েছে তিনি।
