shono
Advertisement
PM Narendra Modi

শুক্র সকালে মোদির সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা, 'দিল্লি দরবারে' সংখ্যাতত্ত্বের জটিল সমীকরণ

এদিকে, অমিত শাহের সঙ্গে বৃহস্পতিবার দেখা করেন ইউসুফ পাঠান, আবু তাহের এবং খলিলুর রহমানরা।
Published By: Sayani SenPosted: 05:56 PM Aug 06, 2026Updated: 08:28 PM Aug 06, 2026

এনসিপিআই কি মিশে যাচ্ছে বিজেপিতে? এই জল্পনার মাঝে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এছাড়া আরও কয়েকজন এনডিএ সাংসদকেও আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে সাংসদদের সঙ্গে প্রাতঃরাশ সারবেন তিনি। কীভাবে সংসদের অধিবেশনে অংশ নেবেন তাঁরা, সম্ভবত সে বিষয়ে কথা হতে পারে।

Advertisement

এদিকে, আবার বৃহস্পতিবার ইউসুফ পাঠান, খলিলুর রহমান এবং আবু তাহের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। কী কথা হল তাঁদের, স্বাভাবিকভাবে তা নিয়ে চলছে জোর জল্পনা।

শুক্রবারের বৈঠকে ২০ জন এনসিপিআই সাংসদ থাকবেন কি না, তা নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছে। এনডিএ-র বৈঠকে তিন সাংসদ ইউসুফ পাঠান, আবু তাহের এবং খলিলুর রহমান যোগ দেননি। তাই মনে করা হচ্ছে সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকেও যোগ দেবেন না তাঁরা। এদিকে, আবার বৃহস্পতিবার ইউসুফ পাঠান, খলিলুর রহমান এবং আবু তাহের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। কী কথা হল তাঁদের, স্বাভাবিকভাবে তা নিয়ে চলছে জোর জল্পনা। যদিও ওই তিন সাংসদের দাবি, তাঁদের নিজের কেন্দ্রের বিভিন্ন সমস্যা, উন্নয়ন নিয়ে কথা হয়েছে।

বলে রাখা ভালো, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকে বদলে গিয়েছে দলীয় সমীকরণ। ২০ জন সাংসদকে নিয়ে এককালের শাসক শিবির ছাড়েন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। তৃণমূল ছাড়ার পরপরই দিল্লিতে ওম বিড়লার সঙ্গে দেখা করে নিজেদের আবেদন জানিয়েছিলেন তাঁরা। চেয়েছিলেন, তাঁদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। দাবিদাওয়ার কোনও নিষ্পত্তি না হলেও এনডিএ বৈঠকে আমন্ত্রণ আগেই পেয়েছেন ২০ জন এনসিপিআই সাংসদ।

এদিকে, আবার ইতিমধ্যেই তৃণমূলের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ যোগ দিয়েছেন বিজেপিতে। তাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এনসিপিআই সাংসদরাও কি মিশে যাচ্ছেন বিজেপিতে? গেরুয়া শিবিরের অন্দরে অবশ্য যোগদান নিয়ে মতবিরোধ রয়েছে। তা সত্ত্বেও ভবিষ্যতে 'বৃহত্তর স্বার্থে' এনসিপিআই সাংসদরা যে বিজেপিতে যোগ দেবেন না, সে বিষয়ে নিশ্চিত করে এখন কিছুই বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক যে বেশ তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement