কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। দীর্ঘদিন ধরে তাড়া করছিল একাধিক কেন্দ্রীয় এজেন্সি। এবার সেই মামলায় স্বস্তি পেলেন ব্যবসায়ী তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরা। তাঁর আগাম জামিন মঞ্জুর করল দিল্লির রাউজ এভিনিউ কোর্ট।
বঢরার সংস্থা স্কাইলাইট হসপিটালিটির বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? জানা যাচ্ছে, ৭.৫ কোটি টাকায় গুরগাঁওয়ের শিখহপুর গ্রামের তিন একর জমি কেনে ওই সংস্থা। এদিকে হরিয়ানার নগর পরিকল্পনা দপ্তর একটি চিঠি পাঠিয়ে বাণিজ্যিক কলোনি স্থাপনের জন্য ২০০৮ সালে ওই জমির ২.৭১ একরের লাইসেন্স দেয়। কিন্তু অভিযোগ, সেই জমি নিয়ে স্কাইলাইটের সঙ্গে ডিএলএফের একটি চুক্তি হয় জমিটি কেনার বিষয়ে। ৫৮ কোটি টাকায় রফা হয়। ২০১২ সালের সেই চুক্তি অনুসারে জমিটি বিক্রি হয়ে যায়। হরিয়ানা সরকারের থেকে কম দামে কিনে বিপুল মূল্যে সেটি বিক্রি করে বঢরার সংস্থা বিরাট লাভ করেছে, অভিযোগ এমনটাই।
গান্ধী পরিবারের সঙ্গে বঢরা।
দীর্ঘদিন ধরেই মামলাটি চলছিল। ইডি একাধিকবার ওই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে। রে ইডির আবেদনের ভিত্তিতে রবার্টের বিরুদ্ধে সমন জারি হয়। গ্রেপ্তারি এড়াতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন রবার্ট। সেই মামলায় ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আগাম জামিন পেলেন রবার্ট।
৫৬ বছরের রবার্ট একজন উদ্যোগপতি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় দেখা যায়, তিনি সাংসদ হতে চান। ভোটের আগে কংগ্রেসের টিকিট চেয়ে রীতিমতো দরবার করেছিলেন। দল প্রার্থী করেনি। এমনকী, তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী উপনির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ার পরও স্ত্রীর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রবার্ট বঢরা ফের সাংসদ হওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করে ফেলেন। তবে তাঁর সেই অনুরোধে পাত্তা দেয়নি হাত শিবির।
