shono
Advertisement
Ketan Agarwal murder

প্রচুর রিসার্চ, তারপর রিহার্সাল করে খুন! কেতনকে হত্যা করতে নীল নকশা পুনর্নির্মাণ সিয়ার

পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটে হবু স্বামীকে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। অভিযুক্ত তরুণী সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Anwesha AdhikaryPosted: 01:39 PM Jun 28, 2026Updated: 01:59 PM Jun 28, 2026

হবু স্বামীকে খুন। সেই কঠিন কাজটা করার আগে বেশ কয়েকবার রিহার্সাল সেরে নিয়েছিলেন সিয়া গোয়েল! এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল কেতন বিশাল আগরওয়াল হত্যাকাণ্ডে। পুলিশ সূত্রে খবর, দুর্গের মধ্যে উঁচু পাহাড় থেকে কীভাবে ধাক্কা মারতে হবে সেটা বেশ কয়েকবার প্র্যাকটিস করেছেন সিয়া। ইতিমধ্যেই লোহাগড় দুর্গে গিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। জেরা করা হয়েছে সিয়ার বাবা-মা'কেও।

Advertisement

পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটে হবু স্বামীকে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। অভিযুক্ত তরুণী সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশ্যে আসছে একের পর এক নতুন তথ্য। জানা গিয়েছে, নভেম্বরে কেতনের সঙ্গে সিয়ার বিয়ের কথা ছিল। কিন্তু প্রাথমিকভাবে মত দিলেও পরে বিয়ে করতে চাননি সিয়া। সেকথা হবু স্বামীকে জানিয়েছিলেন। কিন্তু সিয়ার দাবি, পরিবারের এতটাই চাপ ছিল যে বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিতে পারেননি। তাই কেতনকে হত্যা করার পথ বেছে নেন।

জেরায় সিয়া জানিয়েছেন, রীতিমতো রিসার্চ করেছিলেন তিনি। খুন করলেও সেটা দেখতে যেন দুর্ঘটনার মতো লাগে, সেটা নিয়ে পড়াশোনা করেন। মে মাসের শেষদিকে সিদ্ধান্ত নেন, কেতনকে হত্যা করতে হবে। কীভাবে ধাক্কা দেওয়া যায়, সেটার রিহার্সাল করে নেন বেশ কয়েকবার। কোন পথ ধরে উঠবেন, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ধাক্কা মারলে মৃত্যু নিশ্চিত, কীভাবে কেতনকে বুঝিয়ে খাদের ধার পর্যন্ত নিয়ে যাওয়া হবে-বারবার এই বিষয়গুলি ঝালিয়ে নিয়েছিলেন সিয়া এবং চেতন। শেষ পর্যন্ত তাঁদের পরিকল্পনা সফল হয়।

রবিবার সকালে সিয়াকে নিয়ে লোহাগড় দুর্গে যান তদন্তকারীরা। খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। জেরা করা হয়েছে সিয়ার বাবা-মা'কেও। প্রসঙ্গত, কেতনের হত্যাকাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। কখনও শোনা যাচ্ছে, বিয়ে নিয়ে রীতিমতো হুমকি দিয়েছিলেন। কখনও জানা যাচ্ছে, হবু স্বামীকে খুন করার জন্য সিয়াকে চাপ দিয়েছিলেন তাঁর প্রেমিক চেতন। পুলিশ হেফাজতে শুরুতে সিয়া ও চেতন একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন। যদিও দু’জনেই শেষ পর্যন্ত নিজেদের দোষ স্বীকার করেছেন। ফাস্ট ট্র্যাক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement