shono
Advertisement

ট্রেনের এসি খারাপ, যাত্রীকে ১২ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ফিরিয়ে দিতে হবে টিকিটের দামও। The post ট্রেনের এসি খারাপ, যাত্রীকে ১২ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:51 PM Jul 29, 2017Updated: 12:21 PM Jul 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনের পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। নিম্মমানের খাবারের কথা ছেড়েই দিন, এসি বিকল হওয়ার কারণেও অনেক সময়ই যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। ট্রেন সফর দুঃস্বপ্নে পরিণত হয়। এবার ট্রেনের এসি খারাপ থাকায় দক্ষিণ-পশ্চিম রেলওয়ের এক যাত্রীকে ১২ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কর্নাটকের রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তর। এমনকী, দক্ষিণ-পশ্চিম রেলওয়েকে টিকিটের দামও ফিরিয়ে দিতে বলা হয়েছে।

Advertisement

[ওড়িশায় পড়ুয়াদের দিয়ে নিজের স্কুটার ধোয়ালেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও]

ঘটনাটি ঘটে ২০১৫ সালের ৯ মার্চ। বেঙ্গালুরু থেকে টিপু সুপারফার্স্ট এক্সপ্রেস চেপে মাইসুরু যাচ্ছিলেন শেখর এস নামে এক যাত্রী। কিন্তু, ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ওঠে তিনি দেখেন, এসি চলছে না। সঙ্গে সঙ্গে বিষয়টি ট্রেনের এসি সারাইকর্মীকে জানান ওই যাত্রী। কিন্তু, এসিটি সারানো যায়নি। তাই বাধ্য হয়েই দমবন্ধ করা অবস্থায় তিন ঘণ্টা ট্রেনে সফর করতে হয় মাইসুরুর বাসিন্দা এস শেখরকে। এসি বিকল হওয়ায় চরম দুর্ভোগে পড়েন কামরার অন্যান্য যাত্রীরাও। ঘটনার জেরে  টিকিটের দাম ফেরত চেয়ে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করার পাশাপাশি, সংশ্লিষ্ট জেলার ক্রেতা সুরক্ষা দপ্তরেও রেলের বিরুদ্ধে অভিযোগ জানান শেখর।

[মুখ ফেরাল হাসপাতাল, রাস্তাতেই সন্তান প্রসব মহিলার]

ক্রেতা সুরক্ষার দপ্তরে শুনানিতে রেল জানায়, বেঙ্গালুরু পর্যন্ত টিপু সুপারফার্স্ট এক্সপ্রেসের এসি ঠিকমতো কাজ করছিল। কিন্তু, যান্ত্রিক গোলযোগের কারণে বেঙ্গালুরু থেকে মাইসুরু পর্যন্ত ট্রেনের কামরায় এসি চলেনি। এসি বিকল থাকার কারণে শেখর এস নামে ওই যাত্রীকে ৫ হাজার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় ক্রেতা সুরক্ষা দপ্তর। পাশাপাশি রেল যদি ক্ষতিপূরণ দিতে দেরি করে, তাহলে দৈনিক ১০০ হিসেবে ক্ষতিপূরণের পরিমাণ বাড়তে থাকবে বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু, মাত্র পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশে খুশি হননি শেখর। ১৫ হাজার টাকা ক্ষতিপূরণের আরজি জানিয়ে কর্নাটক রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের দ্বারস্থ হন তিনি। প্রায় তিন ঘণ্টা দমবন্ধ করা অবস্থায় ট্রেন সফর করায় ওই যাত্রীর স্বাস্থ্যের উপর যে ক্ষতিকর প্রভাব পড়েছে, তা মেনে নেয় রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তর। পঞ্চাশ পেরনো ওই যাত্রীর বয়সের কথা বিবেচনা করে তাঁকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন দপ্তরের চেয়ারম্যান বিএস ইন্দ্রকলা। পাশাপাশি, অন্যান্য খরচ বাবদ দক্ষিণ-পশ্চিম রেলওয়েকে আরও ২ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ বাদ ১২ হাজার টাকা মিটিয়ে দিতে হবে দক্ষিণ-পশ্চিম রেলওয়েকে।

[‘কাশ্মীরে তেরঙ্গা ধরার জন্য কেউ থাকবে না’]

The post ট্রেনের এসি খারাপ, যাত্রীকে ১২ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার