shono
Advertisement
Saina Nehwal

উত্তরপ্রদেশে বিজেপির তুরুপের তাস সাইনা? ভোটযুদ্ধে নামার ইঙ্গিত অলিম্পিক পদকজয়ীর

২০২০ সালের জানুয়ারি মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন অলিম্পিক পদকজয়ী শাটলার। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে সেভাবে দেখা যায়নি সাইনাকে।
Published By: Anwesha AdhikaryPosted: 01:03 PM Aug 25, 2026Updated: 07:55 PM Aug 25, 2026

প্রথম ভারতীয় হিসাবে ব্যাডমিন্টনে অলিম্পিক পদক জিতে নজির গড়েছিলেন। এবার রাজনীতির কোর্টে নামতে চলেছেন সাইনা নেহওয়াল (Saina Nehwal) ! প্রাক্তন শাটলার নিজেই ইঙ্গিত দিয়েছেন, এবার তাঁকে দেখা যেতে পারে নির্বাচনী যুদ্ধে। দেশের উন্নতি করতে এবং দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চান এই তারকা ক্রীড়াবিদ।

Advertisement

২০২০ সালের জানুয়ারি মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন অলিম্পিক পদকজয়ী শাটলার। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে সেভাবে দেখা যায়নি সাইনাকে। বিজেপিতে যোগ দিয়েই পূর্ব দিল্লি কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর। বিজেপির ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন হরিয়ানার কুস্তিগির ববিতা ফোগাটও। যদিও নির্বাচনে জয় পাননি তিনি। তবে সাইনাকে অন্য ক্রীড়বিদদের মতো নির্বাচনী ময়দানে দেখা যায়নি। পাঁচ বছর তিনি যুক্ত থেকেছেন গেরুয়া শিবিরের সঙ্গে। এবার তিনি ময়দানে নামতে চান।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাইনা বলেন, "আমি নির্বাচনী রাজনীতিতে অবশ্যই আসতে চাই। এতদিন ধরে দেশের হয়ে খেলেছি। এখন বিজেপিতে আছি, বিজেপিকে পছন্দ করি। বিজেপি দেশের উন্নতির জন্য কাজ করে। আমিও সেই কাজটাই করতে চাই। বরাবর দেশের উন্নতির কথা চিন্তা করে এসেছি। প্রচুর পদক এনে দিয়েছি দেশকে। সেসমস্তই এবার এক জায়গায় করতে চাই যেন দেশের বিকাশে সাহায্য করতে পারি।" তবে সাইনা জানিয়েছেন, ভোটে লড়া নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে ইচ্ছা আছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। আপাতত তিনি নজর রাখছেন যাবতীয় পরিস্থিতির দিকে। 

উল্লেখ্য, আগামী বছর একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাবের মতো রাজ্যগুলিতে ভোট হবে। তার আগে সাইনার এহেন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ হায়দরাবাদ থেকে খ্যাতি পেলেও সাইনা জন্মেছেন হরিয়ানায়। আর সেই সূত্রকেই কাজে লাগিয়ে উত্তর ভারতের রাজ্যগুলিতে সাইনাকে ব্যবহার করতে পারে বিজেপি। প্রচারের দায়িত্ব দেওয়া হতে পারে, অথবা ভোটে টিকিটও দেওয়া হতে পারে প্রাক্তন শাটলারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement