shono
Advertisement

Breaking News

B.V. Nagarathna

রাজ্যগুলি কেন্দ্রের আজ্ঞাবহ নয়! যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে মত সুপ্রিম কোর্টের বিচারপতির

কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক অবশ্যই সাংবিধানিক বিধির দ্বারা পরিচালিত হতে হবে। কোথায় কোন দল ক্ষমতায়, সেটা কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের দিশা ঠিক করে দিতে পারে না।
Published By: Subhajit MandalPosted: 12:43 PM Apr 05, 2026Updated: 12:43 PM Apr 05, 2026

বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোটের মুখে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্ন। তিনি বললেন, রাজ্যগুলি কোনওভাবেই কেন্দ্রের আজ্ঞাবহ হতে পারে না। কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক অবশ্যই সাংবিধানিক বিধির দ্বারা পরিচালিত হতে হবে। কোথায় কোন দল ক্ষমতায়, সেটা কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের দিশা ঠিক করে দিতে পারে না।

Advertisement

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আমলে কেন্দ্র ও রাজ্য সমীকরণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ বিরোধী শাসনে থাকা রাজ্যগুলির সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে কেন্দ্র। ডবল ইঞ্জিনের সরকার থাকলে বেশি মেলে কেন্দ্রের সাহায্য। শুধু তাই নয়, বিরোধীদের দখলে থাকা রাজ্যগুলিকে প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগও রয়েছে। এ রাজ্যের শাসক দল তৃণমূল বেশ কয়েক মাস ধরে দাবি করে আসছে, রাজ্যের প্রাপ্য দেড় লক্ষ কোটি টাকারও বেশি আটকে রেখেছে কেন্দ্র।

এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক নিয়ে বিচারপতির মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন, যেখানে সুশাসন ও উন্নয়নের প্রশ্ন জড়িয়ে সেখানে কোনও রাজ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ কাম্য নয়। সংবিধানে বেঁধে দেওয়া কিছু বিধিনিষেধের বাইরে রাজ্যগুলি কেন্দ্রের আজ্ঞাবহ নয়। কেন্দ্রে যে রাজনৈতিক দলই থাকুক না কেন, রাজ্যকে প্রাপ্য মর্যাদা দিতেই হবে।

সিনিয়রিটির মাপকাঠিতে ২০২৭-এর সেপ্টেম্বর তাঁর প্রধান বিচারপতির চেয়ারে বসার কথা। পাটনার চাণক্য জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে এই বক্তব্য জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে, রাজনৈতিক প্রক্রিয়ার দ্বারা প্রভাবিত হলে চলবে না বলে দাবি তাঁর। শুধু কমিশনই নয়, অন্য কেন্দ্রীয় এজেন্সিগুলোরও নিরপেক্ষতার সঙ্গে চলা উচিত বলে মনে করেন বিচারপতি নাগরত্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement