shono
Advertisement

Breaking News

Supreme Court

'গৃহবধূরা দেশ গড়েন', হোমমেকারদের মাসিক ৩০ হাজার টাকা 'বেতনে'র পক্ষে সুপ্রিম কোর্ট

তাঁরা বাড়িতে থাকেন। দশভূজার মতো সংসারের সবদিক সামলান। তবু সমাজ যুগে যুগে কটাক্ষের ভঙ্গিতে তাঁদের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, 'সারাদিন বাড়িতে বসে কী করো?
Published By: Anwesha AdhikaryPosted: 11:29 PM Jun 11, 2026Updated: 11:29 PM Jun 11, 2026

তাঁরা বাড়িতে থাকেন। দশভূজার মতো সংসারের সবদিক সামলান। তবু সমাজ যুগে যুগে কটাক্ষের ভঙ্গিতে তাঁদের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, 'সারাদিন বাড়িতে বসে কী করো?' সেই গৃহবধূদের হয়ে এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সাফ জানিয়ে দিল, একজন হোমমেকার যা পরিশ্রম করে সেটা মাসে ৩০ হাজার টাকা বেতনের সমতুল্য। এখানেই শেষ নয়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, হোমমেকাররাই প্রকৃত অর্থে দেশ গড়ে তোলেন।

Advertisement

পথ দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে দায়ের হওয়া মামলার ভিত্তিতেই তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করেছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চের পর্যবেক্ষণ, সমাজে গৃহিণীদের ভূমিকা অসীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত তিনটি দায়িত্ব পালন করেন তাঁরা। প্রথমত, গৃহস্থালির সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। দ্বিতীয়ত, স্বামী এবং সন্তানদের দেখভাল করেন। তৃতীয়ত, বাবা- মা এবং অভিভাবকস্থানীয় সকলের দায়িত্ব নেন। সুপ্রিম কোর্টের মতে, দুর্ঘটনায় বধূর মৃত্যু হলে পরিবারকে কতটা আর্থিক সাহায্য করা হবে সেই অঙ্ক নির্ধারণ করার জন্য এই তিনটি বিষয় বিবেচনা করতে হবে।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, পথ দুর্ঘটনায় কোনও হোমমেকারের মৃত্যুতে মাসিক ৩০ হাজার টাকার আলাদা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিক মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইবুনাল। কারণ হোমমেকাররা যা শ্রম দান করেন, সেটার ন্যূনতম মজুরি এই অঙ্ক। তিনবছর অন্তত ১০ শতাংশ করে বাড়ানো উচিত এই অর্থের পরিমাণ। শীর্ষ আদালতের কথায়, হোমমেকারদের শ্রমকে অনেক সময়েই খাটো করে দেখা হয়। যে মহিলা সময়, ক্ষমতা নিজের সংসারের জন্য ব্যয় করেন, তিনি কিন্তু সেই সংসারের উপার্জনেও বিনিয়োগ করেন। তাই তাঁদের কাজের সামাজিক এবং অর্থনৈতিক মূল্যও দেওয়া উচিত। বিচারপতির কথায়, ‘‘হোমমেকার না বলে তাঁকে দেশের নির্মাতা বলা উচিত।’’

পাঞ্জাবের ওই গৃহবধূর মৃত্যুতে তাঁর পরিবারকে ২.৪২ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল ট্রাইবুনাল। পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টের রায়ে সেই অঙ্কটা বেড়ে দাঁড়ায় ৮.৪ লক্ষ টাকা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে বিমা সংস্থাকে ৬২.৭৮ লক্ষ টাকা দিতে হবে মহিলার পরিবারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement