shono
Advertisement
Bulldozer

বুলডোজার অ্যাকশনে নিষেধাজ্ঞা নয়, তবে 'বেছে বেছে' নিশানা নয়! জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে ছিল শুনানি।
Published By: Biswadip DeyPosted: 05:47 PM Jul 16, 2026Updated: 05:55 PM Jul 16, 2026

বুলডোজার ব্যবহার করে বেআইনি ও দখলীকৃত নির্মাণ ধ্বংসের উপরে সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নয়। তবুও মানুষকে শাস্তি দেওয়ার লক্ষ্যে নির্দিষ্ট ভাবে বেছে বেছে পদক্ষেপ করা উচিত নয়। বৃহস্পতিবার বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি শুনতে অস্বীকার করে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

২০২৪ সালে সুপ্রিম কোর্টের দেওয়া 'ঐতিহাসিক' নির্দেশ লঙ্ঘন করা হচ্ছে, এই মর্মে দায়ের হওয়া মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, এই সংক্রান্ত মামলাগুলির শুনানি করতে হবে সংশ্লিষ্ট হাই কোর্টগুলিতই। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানির সময় বিচারপতি বাগচি বলেন, ''প্রশাসন এবং অবৈধ দখলদারদের মধ্যকার আঁতাতের ফলে যখন আইনের শাসন রুদ্ধ হয়ে পড়ে, তখন বুলডোজার ব্যবহারের প্রয়োজন দেখা দেয়। কিন্তু আইন বাস্তবায়নের আড়ালে কোনও ব্যক্তিকে নির্দিষ্ট করে টার্গেট হিসেবে বেছে নেওয়া উচিত নয়। এটি মৌলিক নীতির পরিপন্থী। আসল প্রশ্ন হল ওই ব্যক্তির কাছে যথাযথ অনুমোদন ছিল কি না এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না।''

গত ১৩ নভেম্বর এক রায়ে সুপ্রিম কোর্ট বেআইনি ও দখলীকৃত নির্মাণ ধ্বংসের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দিয়েছিল। জানানো হয়েছিল, আগাম বিজ্ঞপ্তি ছাড়া কোনও নির্মাণ ভাঙা যাবে না। নোটিসটি স্পষ্টভাবে নির্মাণের কাছেই প্রদর্শিত করতে হবে। ১৫ দিন আগে বিজ্ঞপ্তি জারি করতে হবে। বিজ্ঞপ্তিতে ভাঙার কারণ ও শুনানির তারিখ উল্লেখিত থাকতে হবে। স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে কেন এমন চরম পদক্ষেপ করতে হচ্ছে। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে জেলাশাসককেও তা মেলের মাধ্যমে জানিয়ে দিতে হবে। অবশ্যই তৈরি করতে হবে বিস্তারিত ‘স্পট রিপোর্ট’। এবং নির্মাণটি গুঁড়িয়ে দেওয়ার ভিডিও রেকর্ডিং রাখতে হবে। ঘটনাস্থলে সরকারি আধিকারিক ও পুলিশকে উপস্থিত থাকতে হবে। এই নির্দেশ অমান্য করলে তা অবমাননা বা অন্যান্য আইনি পদক্ষেপের জন্য বিচার্য হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement