সোমনাথ রায়, নয়াদিল্লি: সমলিঙ্গ বিবাহ (Same Sex marriage) সংক্রান্ত ‘স্ববিরোধী’ রায় পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট। ২৮ নভেম্বর হওয়ার কথা আবেদনের শুনানি। তাও আবার আবেদনকারীদের আর্জি মেনে প্রকাশ্য আদালতে। সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া নিয়ে হওয়া বিভিন্ন মামলায় ১৭ অক্টোবর রায়দান করে সর্বোচ্চ আদালত (Supreme Court)।
সমকামিতাকে আইনি স্বীকৃতি দিয়ে, তাঁদের অধিকার রক্ষায় কেন্দ্রকে (Centre) বিশেষ কমিটি তৈরির নির্দেশ দিলেও সমলিঙ্গ বিবাহ এবং সমকামী, উভকামী, রূপান্তরকামীদের সন্তান দত্তক নেওয়ার আইনি স্বীকৃতি দেয়নি সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি (CJI) ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের বক্তব্য ছিল, এই আইন তৈরির অধিকার আইনসভার।
[আরও পড়ুুন: বচসার জেরে রাস্তার উপরই কুপিয়ে খুন যুবক, উত্তপ্ত চিৎপুর এলাকা]
এর পর রায় পুনর্বিবেচনা করার একাধিক আবেদন দাখিল হয় সুপ্রিম কোর্টে। যার নির্যাস, কোর্ট বিয়ের অনুমতি না দিলেও LGBTQ+ সম্প্রদায়কে বৈষম্যের শিকার হতে হয়, তা স্বীকার করেছেন পাঁচ বিচারপতিই। এদিন উল্লেখ পর্বে এই বিষয়েই জোর দেন আবেদনকারীদের আইনজীবী মুকুল রোহতগি। তাঁর কথায়, “সেদিন দুই বিচারপতি বিবাহকে স্বীকৃতি দিতে রাজি হলেও তিনজন রাজি হননি। কিন্তু উল্লেখযোগ্য দিক হল, প্রত্যেকেই বলেছেন ওঁদের প্রতি বৈষম্য হয়। কিন্তু বৈষম্য দূর করার উপায় বাতলে দেননি। এই কারণেই আমরা প্রকাশ্য কোর্টে শুনানির আর্জি জানাচ্ছি।” সেই আবেদন গ্রহণ করেছে শীর্ষ আদালত।
