অন্ধকারের সুযোগ নিয়ে নিয়ন্ত্রণরেখা (LoC) পেরিয়ে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা! এই ঘটনা চলাকালীন সতর্ক সেনার গুলিতে মৃত্যু হল এক জঙ্গির। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কেজি সেক্টরে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ওই এলাকা থেকে জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে কিনা খতিয়ে দেখছে নিরাপত্তাবাহিনী।
জানা যাচ্ছে, গোয়েন্দা সূত্রে সেনার কাছে খবর ছিল অনুপ্রবেশ হতে পারে ওই অঞ্চল থেকে। সেইমতো সতর্ক ছিল বাহিনী। ওই অঞ্চলে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালাতে শুরু করে সেনা। এলওসি থেকে ৩০০ মিটার ভিতরে সেনার গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির। সেনার তরফে জানানো হয়েছে, অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল ঠিকই কিন্তু তা রুখে দেওয়া হয়েছে। ওই এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। যদি কোনও জঙ্গি সেনার নজর এড়িয়ে এলাকায় ঢুকেও থাকে তবে গ্রেপ্তার করা হবে তাকে।
সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালাতে শুরু করে সেনা। এলওসি থেকে ৩০০ মিটার ভিতরে সেনার গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির।
উল্লেখ্য, গত ১০ মার্চ ঠিক একইভাবে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল জম্মুর রাজৌরির ঝানগড় এলাকায়। অনুপ্রবেশের চেষ্টা চলাকালীন নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল এক জঙ্গির। গুলিতে গুরুতর জখম হয় আরও একজন। পরে জানা যায়, মৃত জঙ্গি ছিল পাকিস্তানের লস্কর-ই- তইবার হামজা ইউসুফ। তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল ও প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়।
