shono
Advertisement

Breaking News

Delhi

ফের দিল্লিতে গণধর্ষণ! মাঝরাতে ফাঁকা বাসে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার চালক-কন্ডাকটর

পুলিশ সূত্রে খবর, কিশোরী জানিয়েছে, চালক ও কন্ডাকটর দু'জনে তাকে যৌন নির্যাতন করেন। অভিযোগ, তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে কিশোরীকে খুনের হুমকিও দেওয়া হয়।
Published By: Arpita MondalPosted: 01:23 PM Aug 31, 2026Updated: 02:22 PM Aug 31, 2026

নয়ডার কিশোরীর গণধর্ষণের ঘটনা ফের উসকে দিল নির্ভয়া কাণ্ড। চলন্ত স্লিপার বাসে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেটার নয়ডা থেকে দিল্লির (Delhi) কাশ্মীরি গেটগামী একটি বাসে একাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বাস চালক ও কন্ডাকটরের বিরুদ্ধে। অভিযোগের পরেই দু'জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ৪ আগস্ট দিল্লির কাশ্মীরি গেট থানা এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মায়ের কাছে কোনও কারণে বকা খেয়ে ১৬ বছরের ওই নাবালিকা বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। নয়ডার সেক্টর ৬৩-তে তার দাদার কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছিল বলে জানায় সে। বাসে উঠে মইনপুরী থেকে বাস ধরে সেখানেই যাচ্ছিল। তখন বেশ অনেকটাই রাত। অন্ধকারে বুঝতে না পেরে ভুল করে গ্রেটার নয়ডার পরি চক এলাকায় নেমে পড়ে সে। এরপরই সে ভুল বুঝতে পারে। কিন্তু ততক্ষণে বাসটি ছেড়ে চল গিয়েছে। সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে একটি স্লিপার বাস পায় ওই কিশোরী। বাসটি সেক্টর ৬৩ যাবে কি না জিজ্ঞাসা করে উঠে পড়ে সে। তবে বাসে উঠেই কিশোরী দেখতে পায়, গোটা বাসে একজনও যাত্রী নেই।

পুলিশ সূত্রে খবর, কিশোরী জানিয়েছে, বাসে ওঠার পর থেকেই কন্ডাকটর তাকে লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে। এরপর চালক ও কন্ডাকটর দু'জনে তাকে জোর জবরদস্তি করে যৌন নির্যাতন করেন। অভিযোগ, তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে কিশোরীকে খুনের হুমকিও দেওয়া হয়। এরপর পুরাতন দিল্লির কাশ্মীরি গেট বাস টার্মিনাস থেকে খানিকটা দূরে কিশোরীকে বাস ফেলে দিয়ে পালান চালক এবং কন্ডাকটর।

তদন্তে উঠে এসেছে, ওই স্লিপার বাসে বার্থগুলির সামনে পর্দা ছিল। ফলে বাইরে থেকে বাসের ভিতরে কী ঘটছে, তা দেখা যায়নি। একই সঙ্গে বাসটি যে দীর্ঘ পথ পেরিয়ে দিল্লিতে পৌঁছেছিল, সেই রুটের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্তে নেমে পুলিশ বাস চালক ও কন্ডাকটরকে উত্তর দিল্লির তিমারপুর এলাকার একটি পার্কিং লট থেকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বাজেয়াপ্ত বাসটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement