দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে নবমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপরই কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় মুখর হলে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি।
রবিবার বাজেট ঘোষণার পরই কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘বাজেটের নথিপত্র বিস্তারিতভাবে খতিয়ে দেখার প্রয়োজন। তবে এটি স্পষ্ট যে ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট নিয়ে যা যা প্রচার চালানো হয়েছিল, বাস্তবে কেন্দ্র সরকার তার ধারেকাছেও পৌঁছতে পারেনি। বাজেটটি সম্পূর্ণভাবে নিষ্প্রভ। শুধু তা-ই নয়, বাজেট ভাষণেও স্বচ্ছতার ঘাটতি ছিল। কারণ, গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য ঠিক কত টাকা বরাদ্দ করা হয়েছে, সে সম্পর্কে কোনও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এই বাজেট করুণ এবং হতাশাজনক।’
২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট নিয়ে যা যা প্রচার চালানো হয়েছিল, বাস্তবে কেন্দ্র সরকার তার ধারেকাছেও পৌঁছতে পারেনি: জয়রাম রমেশ
বিরোধী শিবিরের অভিযোগ, বাজেটে সাধারণ মানুষের সমস্যা, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সরকারের বড় বড় দাবির সঙ্গে বাজেটের বাস্তব রূপরেখার মধ্যে স্পষ্ট ফারাক রয়েছে। নির্মলার বাজেটের সমালোচনায় মুখর হয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই সরকারের কাছ থেকে এমনিতেই কোনও আশা নেই। সুতরাং তাদের কাছ থেকে আর কী-ই বা প্রত্যাশা করা যায়? এই বাজেটে বিত্তশালীদের মন জেতানো হয়েছে।”
