shono
Advertisement

পোখরানে ক্ষতিগ্রস্ত সদ্য কেনা ‘হাউৎজার’কামান, উঠছে প্রশ্ন

চলতি বছরের মে মাসেই আমেরিকা থেকে ভারতে আসে কামানগুলি৷ The post পোখরানে ক্ষতিগ্রস্ত সদ্য কেনা ‘হাউৎজার’ কামান, উঠছে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:18 AM Sep 13, 2017Updated: 03:56 AM Sep 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় ধাক্কা খেল ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণের প্রক্রিয়া। একটি পরীক্ষামূলক গোলাবর্ষণের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে সদ্য কেনা অত্যাধুনিক ‘আল্ট্রা লাইট হাউৎজার’ কামান এম-৭৭৭।

Advertisement

মঙ্গলবার সেনার তরফে জানানো হয়েছে, পোখরানে সেনার ‘ফিল্ড ফায়ারিং রেঞ্জ’-এ কামানটির পরীক্ষা চলছিল। পরীক্ষামূলকভাবে গোলাবর্ষণ করা হচ্ছিল কামানটি থেকে। এমনই সময় হঠাৎ কামানের নলের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে। ফলে অকেজো হয়ে পড়ে সদ্য কেনা অত্যাধুনিক ওই হাউৎজার। এক শীর্ষ সেনা আধিকারিক জানিয়েছেন, কামানের নলের মধ্যেই ফেটে যায় একটি গোলা। ফলে ক্ষতিগ্রস্ত হয় কামানটির ব্যারেল। তবে ওই ঘটনায় কেউ আহত হয়নি। সেপ্টেম্বরের ২ তারিখের এই ঘটনায় ‘এম-৭৭৭’ কামানের মান নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ভারতীয় ও মার্কিন অস্ত্র বিশেষজ্ঞরা। দুর্ঘটনাটির কারণ খতিয়ে দেখতে ইর্তিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

[ইজরায়েলের অস্ত্রেই রোহিঙ্গা জঙ্গি নিকেশ অভিযান মায়ানমারের]

ডোকলামে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের আগ্রাসন চালাতে পারে ‘ড্রাগন’। এছাড়া রয়েছে পাকিস্তান। ইতিমধ্যে দুই ফ্রন্টে একই সঙ্গে যুদ্ধ চালাতে হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। এমনই পরিস্থিতিতে সদ্য কেনা অত্যাধুনিক কামানের দুর্ঘটনা সেনাবাহিনীর জন্য বড় ধাক্কা। উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রতিরক্ষা মন্ত্রকের ভার নিয়েছেন নির্মলা সীতারমণ। ইতিমধ্যে লাল ফিতার ফাঁস কাটাতে উদ্যোগী হয়েছেন তিনি। বিশেষজ্ঞ মহল মনে করছে এই ঘটনায় কিছুটা হলেও চাপ বাড়বে তাঁর উপর। এবছরই আরও একটি ধাক্কা খায় সেনা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ১৫৫ মিমি ‘ধনুশ’ কামান পরীক্ষায় পাশ করতে পারেনি।

উল্লেখ্য, ২০১০-এ ভারতকে ১৪৫টি এম-৭৭৭ ‘আল্ট্রা লাইট হাউৎজার’ কামান বিক্রির চুক্তিতে সই করে আমেরিকা। চলতি বছরের মে মাসেই আমেরিকা থেকে প্রথম দু’টি কামান এসে পৌঁছয়। ভারত ছাড়াও এ কামান ব্যবহার করছে আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার সেনাবাহিনী। নয়া কামানগুলি চিনের দিকে তাক করে রাখা হবে৷ মাত্র ৪ টন ওজন হওয়ায় বিমানে চাপিয়ে এম-৭৭৭’কে সহজেই ১৬ হাজার ফুট উচ্চতায় লাদাখ ও অরুণাচলে ৪,০৫৭ কিলোমিটার বিস্তৃত ভারত-চিন সীমান্তে নিয়ে যাওয়া যাবে৷ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)-এ অতন্দ্র প্রহরায় নিযুক্ত থাকবে এম-৭৭৭৷ চিনের দিকে তাক করে এই কামানগুলি নিয়ে তৈরি থাকবে নয়া ১৭ মাউন্টেন স্ট্রাইক কর্পস৷ বরফে ঢাকা পাহাড়ি এলাকায় অত্যাধিক উচ্চতা, তীব্র ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ায় চিনের মতো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য এই মাউন্টেন কর্পসকে ঢেলে সাজানো হচ্ছে৷

[চিনা ‘চক্রান্ত’ ফাঁস করলেন সেনাপ্রধান রাওয়াত, চটে লাল বেজিং]

The post পোখরানে ক্ষতিগ্রস্ত সদ্য কেনা ‘হাউৎজার’ কামান, উঠছে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার