সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি থেকে রোহতক থেকে দিল্লি- অবস্থার যেন কোনও পরিবর্তন নেই৷ একের পর এক ধর্ষণের ঘটনা৷ উঠে আসছে ভয়াবহ নারী নির্যাতনের প্রমাণ৷ আর এরপরই সরকারকে আরও কঠোর হওয়ার আর্জি জানান দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালেওয়াল৷ তাঁর দাবি, এবার সরকার প্রত্যেক ধর্ষককেই মৃত্যুদণ্ড দিক৷
[ চর্মরোগ নেই, প্রমাণ দিতে বিয়ের আসরেই নগ্ন কনে ]
সম্প্রতি নির্ভয়া কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷ নির্ভয়ার ধর্ষণের বিচারের জেরে দেশের বিচারব্যবস্থায় আমূল পরিবর্তনও আনা হয়েছে৷ কিন্তু ধর্ষকমাত্রই যে মৃত্যুদণ্ড পাবে, এমনটা এখনও নিশ্চিত নয়৷ ‘রেয়ার অফ দ্য রেয়ারেস্ট’ ঘটনার ক্ষেত্রেই এই দণ্ড দেওয়া হবে৷ কিন্তু সম্প্রতি যেভাবে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে তাতে ব্যথিত স্বাতী৷ নির্ভয়ার দোষীদের দৃষ্টান্তমূলক সাজা যেন কোনওভাবে কিছু বদলাতে পারেনি৷ সম্প্রতি রোহতকে গণধর্ষিতা হন এক যুবতী৷ তাঁর উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে বলেও পরে জানা যায়৷ এমনকী ধর্ষণের চিহ্ন মুছতে তাঁর মাথার উপর দিয়ে গাড়িও চালানো হয়৷ এ ঘটনার রেশ কাটতে না কাটতেই দিল্লিতে চলন্ত গাড়িতে ধর্ষিতা হল এক যুবতী৷ সিকিমের ওই যুবতী দিল্লিতেই থাকতেন৷ তাঁর এই মর্মান্তিক পরিণতির পরই ফুঁসে ওঠেন দিল্লি মহিলা কমিশনের প্রধান৷ তাঁর দাবি, প্রতি মিনিটে একজন করে ভারতীয় নারী ধর্ষিতা হয়ে চলেছেন৷ এভাবে চলতে পারে না৷ সরকারকে এক্ষেত্রে কোনও কঠোর পদক্ষেপ নিতেই হবে৷ যে কোনও ধর্ষণের ঘটনাতেই যেন ধর্ষকের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হয়৷ তাঁর দাবি, সরকারি তরফে যদি না আইন করে এই ব্যবস্থা লাগু করা যায়, তাহলে বাড়তে থাকা ধর্ষণের ঘটনায় পূর্ণচ্ছেদ টানাও সম্ভব নয়৷
The post ‘প্রত্যেক ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করুক সরকার’ appeared first on Sangbad Pratidin.
