shono
Advertisement
E20 Petrol

E20 ইস্যুতেও পিছু হটবে মোদি সরকার? বড়সড় সিদ্ধান্তের পথে কেন্দ্র

দিন কয়েক আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ ও আকাশ পূজারি একচেটিয়াভাবে E-20 কার্যকর করার বিরোধিতা করেন।
Published By: Subhajit MandalPosted: 07:07 PM Aug 19, 2026Updated: 07:54 PM Aug 19, 2026

বিতর্ক এড়াতে এবার ইথানল মিশ্রিত পেট্রল বিক্রিতে নয়া নীতির কথা ভাবছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বাধ্যতামূলকভাবে ই-২০ চালু নয়, বরং গ্রাহকদের সুবিধার জন্য E10 এবং E20 দুই ধরনের পেট্রল কেনার বিকল্প চালু করতে পারে কেন্দ্র। ইতিমধ্যেই রাজধানী দিল্লি-সহ দেশের বহু জায়গায় E20 পেট্রল বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, এবার এই এলাকাগুলিতেও E10 ফেরানো নিয়েও আলোচনা শুরু হয়েছে সরকারের শীর্ষস্তরে।

Advertisement

মাইলেজ সমস্যায় জর্জরিত ই-২০ পেট্রল। অভিযোগ উঠেছে, এই পেট্রলের জেরে খারাপ হচ্ছে গাড়ির ইঞ্জিন। দেশজুড়ে চলতে থাকা বিতর্কের মাঝেই দিন কয়েক আগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ ও আকাশ পূজারি পুরনো গাড়ির জন্য ই-১০ পেট্রল (E10 Petrol) ফিরিয়ে আনার পরামর্শ দেন। পুরনো দু’চাকার গাড়িগুলির জন্য ই-১০ পেট্রলের পক্ষে সওয়াল করে অনন্ত নাগেশ্বরন বলেন, ভারতে আনুমানিক সাড়ে ৭ থেকে ৮ কোটি ২ চাকার যান রয়েছে। যেগুলি বিএস-৪ মডেলের। দীর্ঘসময় সেগুলি ইথানলের সংস্পর্শে থাকলে এই গাড়ির ইঞ্জিনগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু বাস্তবে পাম্পগুলি থেকে কম ইথানল মিশ্রিত জ্বালানি কার্যত উধাও হয়েছে। তাই সরকারের উচিত ই-২০র পাশাপাশি ই-১০ পেট্রলের যোগান রাখা।

অর্থনৈতিক উপদেষ্টাদের ওই পরামর্শের পরই সরকারের শীর্ষস্তরে আলোচনা শুরু হয়েছে, গ্রাহকদের জন্য বাধ্যতামূলকভাবে E20 পেট্রল চালু না করে ধীরে ধীরে সেটা কার্যকর করা হোক। আপাতত সব পেট্রল পাম্পেই একসঙ্গে E20 এবং E10 পেট্রল বিক্রির কথা ভাবা হতে পারে। সেক্ষেত্রে পুরনো গাড়িগুলি E10 পেট্রল ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। নতুন গাড়ির গ্রাহকরা E20 কিনতে পারবেন। যদিও সবটাই আলোচনার স্তরে। এখনও সরকারিভাবে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে সরকারের শীর্ষস্তরে আলোচনা শুরু হয়েছে বলে খবর।

কেন্দ্র মেনে নিয়েছে, ই-২০ পেট্রোল কিছু গাড়ির মাইলেজ ৩-৫ শতাংশ কমাতে পারে। শুধু মাইলেজ কমার স্বীকারোক্তিই নয়, আমজনতা যে এই জ্বালানিতে দামেও বিশেষ স্বস্তি পাবে না সেটাও মেনে নিয়েছে সরকার। পেট্রোলিয়াম মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ই-২০ জ্বালানির দাম যে সাধারণ পেট্রলের চেয়ে সবসময় কমই হবে, এমনটা নিশ্চিত ভাবে বলা যায় না। ফলে গ্রাহকদের মধ্যে যে এর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, সেটা জানেন সরকারের শীর্ষব্যক্তিরা। সেকারণেই E10 Petrol ফেরানোর ভাবনা কেন্দ্রের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement