shono
Advertisement

নাটকীয় কায়দায় ‘সিরিয়াল’চুরি বাগুইআটিতে, খোয়া গেল ১৭ লক্ষ টাকার গয়না

ক্ষোভে ফুটছে গোটা এলাকা। The post নাটকীয় কায়দায় ‘সিরিয়াল’ চুরি বাগুইআটিতে, খোয়া গেল ১৭ লক্ষ টাকার গয়না appeared first on Sangbad Pratidin.
Posted: 09:22 AM Feb 03, 2018Updated: 09:37 AM Feb 03, 2018

স্টাফ রিপোর্টার, বিধাননগর: বাড়ির দোতলায় তিন তিনজন মানুষ। সেই বাড়িরই তিনতলায় লোহার রড দিয়ে আলমারির লকার ভেঙে চুরি ১৭ লক্ষ টাকার সোনার গয়না। তারপর আরও দু’টি বাড়িতে হানা দেয় দলটি। প্রথমটির ক্ষেত্রে অকৃতকার্য হলেও অন্য আর একটি বাড়ি থেকে দু’টি দামি স্মার্ট ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা এলাকার অশ্বিনীনগর পূর্বাশা এলাকায়। এক রাতে এই ‘সিরিয়াল’ চুরির ঘটনায় থমথম করছে এলাকা। স্থানীয় মানুষের অভিযোগ, গত কয়েক মাস যাবৎ পুলিশের টিকিও চোখে পড়েনি। যার ফলে গভীর রাতে দুষ্কৃতীরা পাড়ায় ঢোকে। কুকুরের চিৎকারে বাসিন্দারা তা টের পান। এদিনও কুকুরের ডাক শোনা গিয়েছে। সকালে চুরির ঘটনা প্রকাশ্যে আসে।

Advertisement

সদ্য বিয়ে হয়েছে পূর্বাশার আরজিএম ১৪/৫/২ বাড়ির ছেলে অয়নকুমার রায়ের। বিয়ের সময় পারিবারিক সূত্রে পাওয়া গয়নার দাম নয় নয় করে ১৭ থেকে ১৮ লক্ষ টাকা হবে জানিয়েছেন অয়নের বাবা অনন্তবাবু। এখন বিয়ের মরশুম চলছে। তাই সব গয়নাই বাড়িতে রাখা ছিল। চোরেরা পুরোটাই হাপিস করে দিয়েছে। রায়বাড়ির পুত্রবধূ জানিয়েছেন, এদিন স্বামীর সঙ্গে বাপের বাড়িতে গিয়েছিলেন তিনি। রাতে দু’জনে সেখানেই থেকে যান। বাড়িতে ছিলেন তাঁর শ্বশুর অনন্তবাবু, শাশুড়ি ঝরনা রায় ও অয়নের দিদিমা পুষ্প ভড়। সকালে ঝর্ণাদেবী তিনতলার ঠাকুর ঘরে পুজো দিতে গিয়ে চুরির ঘটনা টের পান। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। মানিকতলার বাপের বাড়ি থেকে ছুটে আসেন তাঁরাও। সাড়ে ৯টা নাগাদ আসে বাগুইআটি থানার পুলিশ। চুরির ঘটনার অভিযোগ দায়ের হয়েছে।

[মধ্যমগ্রামে গ্যাংওয়ার, সেলুনে ঢুকে গুলি করে খুন প্রোমোটারকে]

বাড়ির কর্তা অনন্তবাবু জানিয়েছেন, তুলসী মঞ্চে ধূপ জ্বালাতে তিনি এদিন সন্ধেবেলা ছাদে উঠেছিলেন। তারপর ছাদের লোহার দরজা ভেজিয়ে দিয়ে নিচে নেমে আসেন। অন্যান্য দিন ছেলে-বউ ছাদের দরজা বন্ধ করে। এদিন তাঁরা বাড়ি আসেনি। ফলে দরজা বন্ধ করার কথা কারও খেয়াল ছিল না। রায়বাড়িটি তিনতলা। ছাদের দরজার পাশে অয়নদের ঘর। দু’টি দরজাই পাশাপাশি। পুলিশের অনুমান রাস্তা থেকে গ্রিল বেয়ে ছাদে ওঠে দুষ্কৃতীরা। তারপর ছাদের দরজা খুলে অয়নদের ঘরে ঢোকে। ঘরে দু’টি আলমারি। একটি কাঠের, অন্যটি স্টিলের। ছাদে সিমেন্টের গাঁথনি ভেঙে লোহার লাইটিং অ্যারেস্টার খুলে নেয়। একটি লোহার ব্র‌্যাকেটও ভাঙে। তা দিয়ে আলমারির দরজা ভাঙা হয়। চাড় দিয়ে ভাঙা হয় লকারও। কাঠের আলমারিতেই ছিল অধিকাংশ গয়না আর একটি দামি ল্যাপটপ। সব সাফা করে ঘরের বারান্দা দিয়ে পালায় তারা। তারপর উল্টোদিকে বিনয় তিওয়ারির বাড়িতে হামলা চালায়। সেখানে অকৃতকার্য হয়ে অন্য একটি বাড়ি থেকে দু’টি দামি মোবাইল ফোন নিয়ে এলাকা ছাড়ে চোরেরা।

[শরীরে অক্সিজেনের অভাবেই মৃত্যু ঐত্রীর, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে]

The post নাটকীয় কায়দায় ‘সিরিয়াল’ চুরি বাগুইআটিতে, খোয়া গেল ১৭ লক্ষ টাকার গয়না appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার