shono
Advertisement
Annapurna Bhandar

আজ থেকে ১ কোটির বেশি 'অন্নপূর্ণা'র অ্যাকাউন্টে ৩ হাজার, বাদ কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

বুধবার নেতাজি ইন্ডোরে অন্নপূর্ণা যোজনার অনুদান দেওয়ার কর্মসূচি ছিল। সেখানে ডিবিটির মাধ্যমে প্রায় ১ কোটি ৩৪ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হল।
Published By: Subhankar PatraPosted: 02:04 PM Jul 01, 2026Updated: 04:29 PM Jul 01, 2026

অবশেষে ১ কোটি ৩৪ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে পাঠানো হল অন্নপূর্ণা যোজনার টাকা। ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁরা যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেননি। তাই তাঁদের আবেদন বাতিল করা হয়েছে। এছাড়াও আরও কয়েকমাস আবেদন চলবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

তিনি আবার জানিয়েছেন সিএএ ও এসআইআর ট্রাইব্যুনালে যাঁরা আবেদন করেছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

বুধবার নেতাজি ইন্ডোরে অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) অনুদান দেওয়ার কর্মসূচি ছিল। সেখানে ডিবিটির মাধ্যমে প্রায় ১ কোটি ৩৪ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হল। আজ, বুধবার সারাদিনের মধ্যে প্রত্যেক যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, "২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তাঁরা যোগ্যতা পূরণ করতে পারেনি। সরকারি টাকা যোগ্য আবেদনকারীরাই পাবেন। আমরা চাই না কোনও অযোগ্য এই প্রকল্পের সুবিধা পান।" উপস্থিত উপভোক্তাদের মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, "এইটা কি ভুল?" স্টেডিয়ামজুড়ে উত্তর আসে "না"।

অন্নপূর্ণা যোজনার বরাদ্দ, ১২ পাতার ফর্ম সব নিয়ে বিভিন্ন অংশে সামালোচনা হয়েছিল। এদিন সেই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "আমাদের বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু ঝাড়াই-বাছাইয়ের পর যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হল। আমরা চাই না কোনও যোগ্য বাদ যাক। কিন্তু অযোগ্যরা পাবেন না। এটা বিজেপির, মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর টাকা নয়, সরকারের টাকা। অপব্যবহার হবে না।" আরও বলেন, "মূল আদিবাসী-সহ পাহাড়ের অনেক মহিলা টাকা পেয়েছেন। আগের ২ কোটি প্রাপকদের মধ্যে পুরুষরাও টাকা পাচ্ছিলেন। তাদের নাম বাদ দিয়েছি। এছাড়াও কোনও অভারতীয় এই টাকা পাবেন না।" সঙ্গে তিনি আবার জানিয়েছেন, সিএএ ও এসআইআর ট্রাইব্যুনালে যাঁরা আবেদন করেছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

১২ পাতার লম্বা ফর্ম ফিল আপ প্রসঙ্গে তিনি বলেন, "১২ পাতার ফর্ম নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এই ফর্মের অনেকগুলি পাতায় লেখার কিছু নেই। তথ্য যাঁরা দিয়েছেন তাঁরা শুধু অন্নপূর্ণা নয়, অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারি  প্রকল্প পাবেন। আলাদা করে কিছু ফর্ম পূরণ করতে হবে না। আপনারা ধৈয্য ধরে এই  কাজ করেছেন বলে ধন্যবাদ জানাই।"

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিকরাও। মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল থেকে এই বিভাগের প্রধান সচিব মৌমিতা গোদারিয়া-সহ অন্যান্য আধিকারিকরা। তাঁদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "এই দপ্তরের প্রধান সচিব মৌমিতা গোদারিয়া ও তাঁর টিম অক্লান্ত পরিশ্রম করে এই আবেদনগুলি ঝাড়াই-বাছাই করেছেন। আমরা তো সময় বলে দিই। বাকি কাজ তাঁদের করতে হয়। অনেক ধন্যবাদ জানাই।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement