স্বাধীনতা দিবস মানেই কেবল পতাকা উত্তোলন নয়। স্বাধীনতার প্রকৃত অর্থ নিহিত রয়েছে জাতীয় ঐক্য, পারস্পরিক সম্মান এবং ভালোবাসার বন্ধনে। সেই বন্ধনকে আরও দৃঢ় করতে ৮০তম স্বাধীনতা দিবসে এক অনন্য উদযাপনের সাক্ষী রইল নিউটাউন। ‘নীভ’ নামের একটি এনজিও-সমর্থিত স্কুলের সহযোগিতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ‘এসপিকে জৈন ফিউচারিস্টিক অ্যাকাডেমি’। অনুষ্ঠানের মূল ভাবনা ছিল— ‘বন্ধন ইন দ্য স্পিরিট অফ ফ্রিডম’।
ছোটদের প্রাণবন্ত উপস্থিতিতে সমগ্র প্রাঙ্গণ উৎসবের রূপ নেয়।
শনিবার, ১৫ আগস্ট সকালে নিউটাউনের অ্যাকশন এরিয়া-২ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সভার সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সুধীর কুমার মেহতা, বিধায়ক পাপিয়া অধিকারী, সমাজকর্মী প্রিয়া বাছাওয়াত এবং স্কুলের প্রধান শিক্ষিকা জয়ীতা গাঙ্গুলি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি সহ আরও অনেকে।
অনুষ্ঠানে আইনজীবী সুধীর কুমার মেহতা জানান, স্বাধীনতা দিবস মানে শুধুই উৎসব নয়। এটি মানুষের মধ্যে প্রীতি ও দেশপ্রেমের সংযোগ ঘটার দিন। সেই উদ্দেশ্যেই এই আয়োজন।
নতুন প্রজন্মের মনে দেশের ইতিহাস এবং সামাজিক দায়বদ্ধতার বীজ বুনে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ছোটদের প্রাণবন্ত উপস্থিতিতে সমগ্র প্রাঙ্গণ উৎসবের রূপ নেয়। সমাজের সব স্তরের মানুষকে এক সুতোয় বাঁধার এই বার্তা স্বাধীনতার ৮০তম বর্ষে এক নতুন মাত্রা যোগ করল।
