১৭ আগস্ট থেকেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা। ফের একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অন্তিম পর্যায়ের ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে। পূর্বের ঘোষণা মতো ১৭ আগস্ট থেকেই যোগ্যদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে টাকা। মুখ্যমন্ত্রী আরও জানান, অগ্রাধিকারের ভিত্তিতে সব যোগ্য মহিলারাই এই যোজনার টাকা পাবে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের অন্নপূর্ণা যোজনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ইতিমধ্যেই জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলা পেয়েছেন টাকা। চলতি মাসে উপভোক্তার সংখ্যাটা বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বিগত তৃণমূল সরকারকে কটাক্ষ করেন। তাঁর প্রশ্ন, "আগের সরকার ৫০০ টাকা দিতে ক'মাস লাগিয়েছিল? মনে আছে ? ৯ মাস লাগিয়েছিল। প্রতি মাসেই ভেরিফিকেশন চলত। আমরা যোগ্য লোককে অন্নপূর্ণার টাকা দিয়ে দেব।"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "অগ্রাধিকারের ভিত্তিতে ২৫-৬০ বছর বয়সি যোগ্য মহিলারা টাকা পাবেন। এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই। অর্থ দপ্তর জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার করবে। যাঁদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তাঁদের প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।"
