কড়া হাতে আইনশৃঙ্খলা রক্ষা করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী ভোট পরবর্তী হিংসায় যুক্তদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস তাঁর। এরমধ্যেই একেবারে প্রকাশ্যে দিবালকে গড়িয়ায় বিজেপি কর্মীকে খুনের চেষ্টা! ছুরির আঘাতে আক্রান্ত যুবকের চারটি আঙুল বাদ যাওয়ার আশঙ্কা। ঘটনায় অভিযোগের তির স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। কেন এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ঘটনার পিছনে রাজনৈতিক কোনও অশান্তি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গড়িয়ার ভ্যালিপার্ক এলাকায়। আক্রান্ত এবং অভিযুক্ত দু'জনই স্থানীয় যুবক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দু'জনের মধ্যে ঝামেলার সূত্রপাত। এরমধ্যেই হঠাৎ করে অভিযুক্ত ওই তৃণমূল কর্মী বিজেপি কর্মীর উপর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ওই যুবকের হাতে আঘাত লাগে। এমনকী ছুরির আঘাতে ওই বিজেপি কর্মীর চারটি বাদ যাওয়ার আশঙ্কা । ঘটনায় একেবারে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। এরপর তাঁর চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে আসে। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। প্রকাশ্য দিবালোকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।
বলে রাখা প্রয়োজন, এদিনই ডায়মন্ড হারবার থেকে আইনশৃঙ্খলা ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আগে শাসকের শাসন ছিল। এখন আইনের শাসন আছে।” শুধু তাই নয়, রাজ্যের আইনশৃঙ্খলা, পুলিশ-প্রশাসনকে রাজনীতি মুক্ত করতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলদাস হিসাবে পুলিশ আর কাজ করবে না। কড়া হাতে ব্যবস্থা নিতে হবে। এরমধ্যেই গড়িয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য।
