shono
Advertisement
Abhishek Banerjee

সেবাশ্রয় নিয়ে অভিষেকের নামে নয়া অভিযোগ ববির, নাম রয়েছে সুমিত-জাহাঙ্গিরেরও

২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সেবাশ্রয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভায় সাত দফায় চলে এই স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কর্মসূচি।
Published By: Subhankar PatraPosted: 12:53 PM Jul 05, 2026Updated: 12:53 PM Jul 05, 2026

সেবাশ্রয় নিয়ে আরও অস্বস্তি বাড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার নয়া অভিযোগ দায়ের দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায়। অভিযোগ করেছেন অভিজিৎ দাস ওরফে ববি (২০২৪ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী)। এই শিবিরে একাধিক আইন ভঙ্গ করা হয়েছে। জনস্বার্থ ও গোপনীয়তা ভঙ্গ হয়েছে। এই অভিযোগ তুলে অভিষেকের আপ্ত-সহায়ক সুমিত রায় (পলাতক), বিষ্ণুপুরের বিধায়ক দীলিপ মণ্ডল, ফলতার জাহাঙ্গির খান-সহ বহুজনের নামেও অভিযোগ দায়ের হয়েছে। 

Advertisement

কোন কোন ধারায় এফআইআর? ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট-এর সংশ্লিষ্ট ধারা, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট-এর ১৭ নম্বর ধারা (সংশোধিত); পিসিপিএনডিটি অ্যাক্ট-এর ২৩(১)/২৩(২)/২৫ নম্বর ধারা (সংশোধিত); এনএমসি অ্যাক্ট-এর ৩৪ নম্বর ধারা ও ডব্লিউবি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট-এর ৪১ নম্বর ধারা-সহ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অভিজিৎ তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা, মিটিংয়ে প্রকাশ্যে দাবি করেছেন তিনি সেবাশ্রয় ও সেবাশ্রয় -২ ক্যাম্প করেছেন। এই ক্যাম্পের আয়োজন, অর্থনৈতিক সাহায্য-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন। তাঁর তত্ত্বাবধানেই এই ক্যাম্প হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। পরিকল্পনা, আয়োজন, প্রচার, অর্থায়ন ও বাস্তবায়ন-সহ নানা দিক নিয়ে তদন্ত প্রয়োজন বলে দাবি করেছেন অভিজিৎ। এ ছাড়াও ডায়মন্ড হারবারের সাংসদের আপ্ত সহায়ক সুমিতের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্যাম্পগুলোর আয়োজন ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক দিকটি দেখেছিলেন। তাঁর সুনির্দিষ্ট ভূমিকা, দায়িত্ব খতিয়ে দেখার প্রয়োজন বলে দাবি তাঁর। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল ও ফলতার জাহাঙ্গির খানরা স্থানীয় আয়োজক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন বলে অভিযোগ তুলে তাঁদের নামে অভিযোগ করেছেন ববি। এ ছাড়াও শামিম আহমেদ, বাবান গাজি-সহ অন্যান্যদের নামে অভিযোগ তুলেছেন তিনি।

অন্যদিকে স্বাস্থ্যদপ্তরও ঘটনার তদন্ত করছে। শনিবার রাজ্যের স্বাস্থ‌্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ‌্যায় জানিয়েছেন, কার আদেশে কোন কোন স্বাস্থ‌্যকর্তারা উপস্থিত ছিলেন সেবাশ্রয় শিবিরে, স্বাস্থ‌্য দপ্তরের কারা সেবাশ্রয়ে জড়িত ছিলেন পুরো বিষয়টাই দেখা হবে তদন্তে।

উল্লেখ্য, ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সেবাশ্রয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভায় সাত দফায় চলে এই স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কর্মসূচি। যেখানে আল্ট্রোসোনোগ্রাফি শুরু করে ইকো কার্ডিওগ্রাফি, এক্সরে-সহ নানান পরীক্ষা হত। রেডিওলজি এক্সরে, রেডিওগ্রাফি, ব্র‌্যাকিথেরাপি করার সময় রেডিয়েশন নির্গত হয়। এই জন‌্য এই সমস্ত যন্ত্র চালাতে রেডিয়েশন সেফটি অপারেশন লাইসেন্স লাগে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের সেবাশ্রয়ে কোনও যন্ত্রের জন‌্যই রেডিয়েশন সেফটি অপারেশন লাইসেন্স ছিল না। কীভাবে লাইসেন্স ছাড়া বেআইনি ভাবে এই যন্ত্র চালানো হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর। ভারতে গর্ভাবস্থায় লিঙ্গ নির্ধারণ আইনত নিষিদ্ধ। এই জন‌্য গর্ভবতী মায়ের আল্ট্রোসোনোগ্রাফি করতে হলে সংশ্লিষ্ট স্বাস্থ‌্যকেন্দ্রের পিসিপিএনডিটি অ‌্যাক্টে ছাড়পত্র লাগে। প্রি কনসেপশন প্রি-ন্যাটাল ডায়গনস্টিক টেকনিক অ‌্যাক্টে ছাড়পত্র না পেলে গর্ভবতী মায়ের আল্ট্রাসোনোগ্রাফি করা যায় না। অভিযোগ, নিয়ম ভেঙে তেমনটাই হয়েছে অভিষেকের সেবাশ্রয় শিবিরে। অনেকেই অভিযোগ করছেন, বেআইনিভাবে সেখানে লিঙ্গ নির্ধারণও হয়েছে। এই সবের অভিযোগ তুলে এবার বিষ্ণুপুর থানায় মামলাদায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ ওরফে ববি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement