রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে খ্রিস্ট ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। ফাদার ও নানের যৌন সম্পর্কের ‘গল্প’ শোনান তিনি। যা নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক। এবার তারই প্রতিবাদে অনন্যার বিরুদ্ধে এফআইআর করতে চলেছে বিজেপি। সেই সঙ্গে গেরুয়া শিবিরের তরফে একটি প্রতিবাদ মিছিলের ডাকও দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিজেপির সংখ্যা লঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী সাংবাদিক বৈঠকে তীব্র ভর্ৎসনা করেন অনন্য়াকে। বলেন, সংখ্যালঘুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তৃণমূল কাউন্সিলর। সেই কারণেই তাঁর বিরুদ্ধে থানায় এফআইআরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বুধবার বেলা দেড়টায় হাজরা মোড় থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত একটি প্রতিবাদ মিলিছও হবে বলে জানান তিনি।
[আরও পড়ুন: দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অনুষ্কা, কী নাম? জানালেন বিরাট]
পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যার ঠিক কোন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে? তিনি বলেছিলেন, “বিদেশে ওপেন সেক্স প্রচলিত।” এর পরই গল্প বলতে শুরু করেন অনন্যা। বলেন, “একদিন এক ফাদার গাড়ি করে চার্চে যাচ্ছিলেন। অল্পবয়সি সুন্দরী নান তাঁর কাছে লিফট চান। গাড়িতে ফাদার নানের শরীর স্পর্শ করছিলেন। তখন নান বলেন, ‘আপনি আর্টিকল ১১২ পড়েননি?’ তা শুনে হকচকিয়ে যান ফাদার। চার্চে এসে বাইবেলের আর্টিকল ১১২ পড়ে দেখেন। সেখানে লেখা, ‘গভীরে যাও। আরও গভীরে যাও। তবেই অভিষ্ট লক্ষ্যে পৌছতে পারবে।’ মরাল অফ দ্য স্টোরি, বাইবেলটা ঠিকমতো পড়া থাকলে তিনি নানকে ক্লু দিতে পারতেন। অর্থাৎ বাইবেল হোক বা মিউনিসিপ্যাল অ্যাক্ট, যে কোনও কিছু ঠিকমতো পড়া না থাকলে অসুবিধা।”
তৃণমূল কাউন্সিলরের মন্তব্য নিয়ে হইচই পড়ে যায়। শুরু হয় বিতর্ক। বিজেপির কাউন্সিলরের পাশাপাশি দলীয় সংখ্যালঘু কাউন্সিলরদের নিন্দার মুখে পড়েছিলেন অনন্যা। যদিও বিতর্ক ওড়াতে অনন্যা দাবি করেছিলেন, “অযথা জলঘোলা করা হচ্ছে। যৌনতা নিয়ে ছুৎমার্গ কাটানোর জন্যই স্কুলে সেক্স এডুকেশন চালু করা হচ্ছে।”
