shono
Advertisement

কমবয়সি মেয়েদের দলে টানাই লক্ষ্য, লোকসভার আগে রাজ্যজুড়ে যুবতী সম্মেলন করবে বিজেপি

নতুন ভোটারদের মন পেতে মরিয়া বিজেপি।
Posted: 08:56 PM Jan 03, 2024Updated: 10:26 AM Jan 04, 2024

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সামনেই লোকসভা ভোট। এই পরিস্থিতি নতুন ভোটারদের মন পেতে মরিয়া বিজেপি। যুবতী ভোটারদের কাছে পৌঁছতে চাইছে গেরুয়া শিবির। অবিবাহিত যুবতী ও তরুণীদের দলে টানতে এবার যুবতী সম্মেলন করতে চলেছে বঙ্গ বিজেপি (BJP)।

Advertisement

বুধবার কলকাতায় আইসিসিআর (ICCR) অডিটোরিয়ামে বঙ্গ বিজেপির সাতটি মোর্চার রাজ‌্য নেতৃত্বকে নিয়ে সংযুক্ত মোর্চার বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে আসা এই নির্দেশের কথা দলের যুব মোর্চাকে জানিয়ে দেওয়া হয়েছে। জেলায় জেলায় এই যুবতী সম্মেলন করবে যুব মোর্চা। দলের আভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট, মহিলাদের ভোট কম এসেছে পদ্ম প্রতীকে। এর মধ্যে আবার কমবয়সি বা নতুন মহিলা ভোটাররা বিজেপির পক্ষে সেভাবে রায় দেয়নি। কমবয়সি মহিলাদের দলের কাজে টানার ক্ষেত্রেও বিজেপি অনেকটা পিছিয়ে। দলের মহিলা মোর্চার বেশির ভাগ সদস্যই চল্লিশোর্ধ এবং বিবাহিত। যুব মোর্চায় মহিলা থাকলেও সেই সংখ্যা খুবই কম। এ বার তাই কমবয়সিদের নিয়ে ‘মহিলা সম্মেলন’ করার নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: তৃণমূল ছাড়ছেন রাজন্যা! এবার কোন ভূমিকায় দেখা যাবে ছাত্রনেত্রীকে?]

বলা হয়েছে, ১৮ থেকে ৩৫-এর মধ্যে বয়স এমন মহিলাদেরই আনা যাবে। আগামী ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নতুন ভোটারদের নিয়ে জাতীয় স্তরে সম্মেলন করতে চলেছেন। সেই সম্মেলনে বিধানসভা ভিত্তিক জমায়েত করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের প্রতিটা প্রান্তের প্রথম ভোটারদের উদ্দেশে ২৪ তারিখ ভার্চুয়ালি ভাষণ দেবেন মোদি। বাংলায় ২০০টি জায়গায় শিবির করে সেই বক্তৃতা শোনানোর লক্ষ‌্যমাত্রা নেওয়া হয়েছে। যুব মোর্চার বিধানসভার দায়িত্বে যারা রয়েছেন তাঁরাই নতুন ভোটারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন।

[আরও পড়ুন: আইআইটি বেনারস গণধর্ষণে অভিযুক্তদের ছবি মোদি-যোগীদের সঙ্গে, তোপ তৃণমূলের]

এদিকে, ১২ জানুয়ারির পর থেকে জেলায় জেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী মহিলাদের নিয়ে সম্মেলন শুরু হবে। পাশাপাশি যুবকদের নিয়েও বৈঠক হবে। সেখানে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের প্রচারও করা হবে। এই সম্মেলনের নাম দেওয়া হয়েছে ‘নব মতদাতা সম্মেলন’। এদিকে, বঙ্গ বিজেপির সংযুক্ত মোর্চার বৈঠকে এদিন মহিলা মোর্চাকে নির্দেশ দেওয়া হয়েছে, মোদি সরকারের প্রকল্পগুলির উপভোক্তাদের কাছে যাওয়ার জন‌্য। তৃণমূল ইতিমধ্যেই নবজোয়ার যাত্রা করেছে। রাজ‌্যব‌্যাপী সেই কর্মসূচিতে ব‌্যাপক সাড়া মিলেছে। সিপিএমের যুবরা ইনসাফ যাত্রা করেছে। এবার বঙ্গ বিজেপি যুবদের নিয়ে আড্ডা দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement