shono
Advertisement
RG Kar Case

ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল? আর জি করের রহস্য ফাঁসে নতুন সিট হাই কোর্টের

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন সদস্যের সিট গঠন করতে হবে। এখন থেকে সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে চলবে তদন্ত। আগামী ২৫ জুন মামলার পরবর্তী শুনানি।
Published By: Sayani SenPosted: 03:26 PM May 21, 2026Updated: 04:06 PM May 21, 2026

আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলার তদন্তে ফের সিট গঠন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন সদস্যের সিট গঠন করতে হবে। এখন থেকে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে চলবে তদন্ত। ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। আগামী ২৫ জুন মামলার পরবর্তী শুনানি। ওইদিন তদন্ত রিপোর্ট হাই কোর্টে জমা দেবে সিবিআই। 

Advertisement

গত ২০২৪ সালের ৮ আগস্ট, আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক নাইট শিফট করতে যান। ওই রাতেই সব শেষ। সেমিনার হলে তাঁকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় জড়িত সন্দেহে নতুন করে আর কাউকে পাকড়াও করেনি। শেষমেশ শিয়ালদহ আদালত ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়।

তবে এই তদন্তে সন্তুষ্ট নন অভয়ার বাবা-মায়েরা। তাঁদের দাবি, এই ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছে। যারা এখনও তদন্তের আড়ালে রয়ে গিয়েছে। ইতিমধ্যে রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন হয়। তার আগে বারবার ভোটপ্রচারে বিজেপির তরফে দাবি করা হয়, ক্ষমতায় আসলে নতুন করে আর জি কর মামলার তদন্ত হবে। সুবিচারের আশায় পানিহাটি থেকে বিজেপির হয়ে ভোটেও লড়েন অভয়ার মা রত্না দেবনাথ। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের নতুন করে আর জি কর ফাইলস খোলেন। ইতিমধ্যে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা কোনও মন্ত্রী তাঁদের মেসেজে কিংবা ফোনে কোনও নির্দেশিকা জারি করেছিল কিনা, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দুর নির্দেশের পর সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তিন সদস্যের সিট গঠন করল কলকাতা হাই কোর্ট। ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল, সেই ঘটনাক্রম নির্দিষ্ট করে খতিয়ে দেখবে সিবিআই। তদন্তের জন্য মামলার প্রয়োজনীয় সবদিক খতিয়ে দেখতে পারবে সিবিআই। গত ২০২৪ সালের ৭ অক্টোবর চার্জশিট দাখিলের পর থেকে পরবর্তী ১ বছর ৭ মাস কী তদন্ত করেছে সিবিআই, সে প্রশ্নও করে হাই কোর্ট। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, "আমরা ৭০ - ৮০ জন ব্যক্তির সাক্ষ্যগ্রহণ করেছি।" এবার দেখার হাই কোর্টের নির্দেশে গঠিত সিট কোন তথ্য সামনে আনে। আগামী ২৫ জুন পরবর্তী শুনানি। ওইদিন হাই কোর্টে তদন্ত রিপোর্ট জমা দেবে সিট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement