shono
Advertisement
R G Kar Lift Incident

আর জি করে লিফটকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আগামী ২৭ মার্চ এই মামলার শুনানি হবে।
Published By: Monishankar ChoudhuryPosted: 06:33 PM Mar 23, 2026Updated: 07:20 PM Mar 23, 2026

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লিফটে (R G Kar Lift Incident) আটকে দমদমের বাসিন্দার মৃত্যুর ঘটনায় কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল। গাফিলতির অভিযোগ তুলে এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আগামী ২৭ মার্চ এই মামলার শুনানি হবে।

Advertisement

সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে আইনজীবীর মাধ্যমে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন সমাজকর্মী বিজয় কুমার সিংঘল। রিট পিটিশনে তিনি দাবি করেন, স্বাস্থ্য ক্ষেত্রে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছেন না কর্তৃপক্ষ। সেই কারণে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে লিফটে আটকে মৃত্যুর মতো ঘটনা ঘটছে। এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন পিটিশনার বিজয়।

উল্লেখ্য, গত শুক্রবার আর জি কর হাসপাতালে ছেলের চিকিৎসার জন্য এসেছিলেন দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। একটা সময়ে ছেলে শৌচালয়ে যেতে যান। সেই কারণে অরূপ ছেলে ও স্ত্রীকে নিয়ে শৌচালয়ে যাওয়ার জন্য লিফটে ওঠেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে লিফটি আটকে যায়। বেশ কিছুক্ষণ লিফটের মধ্যেই আটকে থাকেন তাঁরা। এই পরিস্থিতিতে একটা সময় লিফটের গর্তে পড়ে যান অরূপের ছেলে ও স্ত্রী। অন্যদিকে লিফটের দরজা ও দেওয়ালের মাঝে পড়ে ঘষা খেয়ে মৃত্যু হয় অরূপের। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবারের সদস্যরা। এবার এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে দায়ের করা হল একটি জনস্বার্থ মামলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement