সই জাল কাণ্ডে দু'দফায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি (CID)। একাধিক বিধায়ককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কুণাল ঘোষ ও অভিষেককে মুখোমুখি বসিয়ে প্রশ্নও করা হয়েছে। তাতে অভিষেকের বয়ানে একাধিক অসংগতি মিলেছে বলেই খবর। তাই সই কাণ্ডের শিকড়ে পৌঁছতে সোমবার সোমবার দুপুর পৌনে দুটো নাগাদ বিধানসভায় হাজির হলে সিআইডি (CID at West Bengal Assembly) অফিসাররা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, স্পিকারের সচিবালয়ে রেজোলিউশন কপি সংক্রান্ত তথ্য পেতেই এই হানা।
সই জাল কাণ্ডের তদন্তের স্বার্থে দীর্ঘদিন ধরেই রেজোলিউশনের কপি খুঁজছে সিআইডি। সেই নথির খোঁজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে তল্লাশিও চালিয়েছিল তদন্তকারীরা। কিন্তু লাভ হয়নি। দীর্ঘ তল্লাশি শেষে খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁদের। পরবর্তীতে আদালতের ধমক খেয়ে একপ্রকার বাধ্য হয়ে সিআইডি দপ্তরে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁকে একাধিকবার রেজোলিউশনের কপি কোথায় আছে জিজ্ঞাসা করা হলেও তৃণমূল সাংসদ কোনও সদুত্তর দেননি। বারবার 'জানি না' বলে এড়িয়েছেন। পরবর্তীতে রবিবার বিধায়ক কুণাল ঘোষ ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হলেও অভিষেকের বয়ানে একাধিক অসংগতি মিলেছে। অর্থাৎ জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, সেই কারণেই এবার সই জাল কাণ্ডের রহস্যভেদে বিধানসভায় সিআইডি। কী থেকে ঘটনার সূত্রপাত থেকে শুরু করে রেজোলিউশন কপি সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তরের খোঁজে অফিসাররা বিধানসভায় গিয়েছেন বলেই খবর।
সূত্রের খবর, সই কাণ্ডের রহস্যভেদে অভিষেক থেকে শুরু করে দলের বিধায়ক যাদের নাম জড়িয়েছে সকলকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই প্রশ্ন করছে সিআইডি। এনিয়ে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, "এভাবে বারবার তলব, একই প্রশ্ন সকলকে করার কোনও অর্থ নেই। এতে গোটা বিষয়টা জটিল হচ্ছে। এর থেকে যাদের সই নিয়ে প্রশ্ন উঠেছে, তাঁরা সই করেছেন কি না তা সরাসরি প্রশ্ন করলেই সমস্যা অনেক সহজে মিটে যাবে।"
