অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব অভিযোগ নস্যাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে শর্ত আরোপ নিয়ে মমতার অভিযোগ প্রসঙ্গে শুভেন্দু জানান, আগের সরকারও শর্ত আরোপ করেছিল। ধর্ম, দল দেখে প্রকল্পের টাকা দিতেন মমতা। কিন্তু বর্তমান সরকার তা করবে না। সব যোগ্যরাই ধীরে ধীরে অন্নপূর্ণার টাকা পাবেন। তিনি আরও জানান, ১৯ লক্ষ ২০ হাজার মুসলিম মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে ধর্ম, বর্ণ, দল দেখা হবে না বলে জানিয়ে দেন তিনি। মমতার উদ্দেশে তিনি বলেন, "ফেসবুকেই থাকুন বিকেলবেলা, রাস্তায় নামতে হবে না। রাস্তায় যাতে না বেরোতে পারেন সেই ব্যবস্থা করব।" তাঁকে বিশ্রামে থাকারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
সোমবার ফেসবুক লাইভে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক অভিযোগ তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে কোনও শর্তের কথা বলেনি বিজেপি। কিন্তু পরে যোগ্য-অযোগ্য ভাগ করে শর্ত আরোপ করা হচ্ছে। এই নিয়ে পালটা শুভেন্দু বলেন, বিগত সরকারও লক্ষ্মীর ভাণ্ডারে শর্ত আরোপ করেছিল। ২৫-৬০ বছর বয়সি মহিলাদের দেওয়ার কথা বলা হয়েছিল। সব মহিলাকে দেওয়া হয়নি। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জন যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। তাঁর মধ্যে ১৯ লক্ষ ২০ হাজার মুসলিম। অন্নপূর্ণার পোর্টালে এখনও পর্যন্ত সাড়ে ৪ লক্ষ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে অনেকে অযোগ্যদের নাম বাদ দেওয়ার জন্যও আবেদন করেছেন। শুভেন্দু স্পষ্ট করে দেন, ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে না। তাঁর অভিযোগ, নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতে ৮৬ শতাংশ হিন্দু থাকেন। সেখানে ৫৪ জনকে আবাস যোজনার টাকা দিয়েছিল তৃণমূল সরকার। প্রাপকদের মধ্য়ে ৫২ জনই মুসলিম। মাত্র ২ জন হিন্দু। তাই কে ধর্মের ভিত্তিতে টাকা দিত তা স্পর্ষ। শুভেন্দুর কথায়, "বাছাবাছি, আমরা ওঁরা তো উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) করতেন। আমরা করি না। উনি ধর্ম দেখে করতেন।"
ফেসবুক লাইভে এসে মমতা অভিযোগ করেছিলেন এই ধরনের প্রকল্প করার আগে বাজেট করতে হয়। সেপ্রসঙ্গে মমতাকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, "উনি বিরাট বাজেট জানেন। সেই কারণে ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা করে দিয়ে গিয়েছেন। কর্মচারীদের ডিএ দেননি। এরিয়ার, পেনশন দেননি। বাজেট দেখাচ্ছেন! আপনি টাকা রেখে দিয়ে গিয়েছিলেন?"
