shono
Advertisement
CM Suvendu Adhikari

'বিদেশি কমিউনিস্ট, জামাতি তৃণমূল', জমি জেহাদ, লাভ জেহাদ রুখতে গুরুপূর্ণিমায় বার্তা শুভেন্দুর

শুভেন্দুর কথায়, 'গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন নিয়ে চলা জামাতিদের আমরা বিদায় করেছি। এবার নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলার নবনির্মাণ হবে।'
Published By: Jaba SenPosted: 09:20 PM Jul 29, 2026Updated: 10:15 PM Jul 29, 2026

গুরুপূর্ণিমার দিন একযোগে বামফ্রন্ট ও তৃণমূলকে বিঁধে জমি জেহাদ ও লাভ জেহাদ রোখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কমিউনিস্টরা বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। ৩৫ বছর বিদেশি শক্তির নিয়ন্ত্রণে থেকে রাজ্যে ক্ষমতায় ছিল তারা। অন্যদিকে, তৃণমূলকে 'জামাতি' বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "গত ১৫ বছর ধরে গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন নিয়ে চলা জামাতিদের আমরা বিদায় করেছি। এবার নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলার নবনির্মাণ হবে।"

Advertisement

বুধবার রবীন্দ্রসদনে গুরুপূর্ণিমা মহোৎসব ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে হিরণ্ময় গোস্বামী মহারাজের ২টি বই প্রকাশিত হয়। এদিন শুভেন্দু জানান, এবারের পরিবর্তন শুধু রাজনৈতিক নয়। সন্ত সমাজ বঙ্গভূমিকে রক্ষা করতে এগিয়ে এসেছেন। এদিন মুখ্যমন্ত্রী ফের একবার অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেন। রাজ্যে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, জোর করে ধর্ম পরিবর্তন রুখতে ব্যবস্থার আশ্বাস দেন তিনি।

শুভেন্দু জানান, বাঙালির প্রকৃত রক্ষাকর্তা গুরুদেব হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দজী। এর পাশাপাশি ঋষি অরবিন্দ ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেও প্রণাম জানান তিনি। তাঁর কথায়, "গুরু শুধু ব্যক্তি নয়, বিচারধারাও হতে পারে।" মুখ্যমন্ত্রী জানান, হিরণ্ময় প্রভু অনেক আগে অবিচারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তার জন্য তিনি মারও খেয়েছেন। শুভেন্দুর কথায়, "জটায় হাত দিয়েছে, ধ্বংস তো হবেই। কিচ্ছু ভুলিনি। বিচারও হবে হিসাবও হবে।"

মুখ্যমন্ত্রীর কথায়, "বাংলার জনগণ অপশক্তি, মৌলবাদী শক্তি, জামাতি শক্তিকে ডিজে বাজানোর সুযোগ দেননি। তার বদলে ধামসা মাদল, শঙ্খ বাজানোর সুযোগ করে দিয়েছে। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।" অভিষেকের ডিজে মন্তব্যকে কটাক্ষ করে এদিন শুভেন্দু বলেন, "বাংলার মানুষকে শব্দদূষণ থেকে বাঁচানোর কাজ করেছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement