ভোটের মুখে ফের তৎপর ইডি। শহর থেকে জেলায় শুরু হয়েছে অ্যাকশন। ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে রেশন দুর্নীতি মামলা। তলব করা হয়েছে চাল ব্যবসায়ী বারিক বিশ্বাসকে। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের 'ঘনিষ্ঠ' এই চাল ব্যবসায়ী বারিক বিশ্বাস।
প্রসঙ্গত, ২০২৪ সালের অগাস্ট মাসে রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে বারিক বিশ্বাসের বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। রেশন দুর্নীতির বিপুল টাকা লেনদেনে বারিকের ভূমিকা ও প্রভাবশালী যোগ নজরে ছিল গোয়েন্দাদের। ইডি সূত্রে খবর, তল্লাশিতে উদ্ধার হয়েছিল ২০ লক্ষ টাকা। এমনকী তাঁর রাইস মিল থেকেও ইডি আধিকারিকদের হাতে এসেছিল প্রচুর নথি। দু'বছর পর ফের ইডির নজরে সেই চাল ব্যবসায়ী। ইডি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে গম পাচারের চেষ্টার অভিযোগ বারিকের বিরুদ্ধে।কাদের মারফতে বাংলাদেশে চাল পাচার? পাচারচক্রে আরও কারা জড়িত? ভিনদেশের আর কারও সঙ্গে ডিল আছে কি না , এসব কিছু জানতেই ফের বারিককে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
আগে সোনা ও গরু পাচার মামলায় নাম উঠে এসেছিল বারিক বিশ্বাসের।একাধিকবার তাঁর বাড়ি, ফ্ল্যাট, চালকলে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়োন্দারা। এবার ভোটের মুখে ফের রেশন দুর্নীতি মামলায় ইডির অ্যাকশন শুরু হয়েছে। বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে রেশন মামলার আরও তথ্য হাতে পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
