ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়ার জিজে খান রোডের একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের চারতলা একটি বিল্ডিংয়ের দোতলায় এই আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার চারপাশ একেবারে ঢেকে যায় । বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। এক এক করে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন ছুটে আসে। এদিকে আগুনের তীব্রতা এতটাই ছিল যে, সেই সময় ওই ঘরে থাকা পাঁচজন আটকে পড়েন। জানা যায়, প্রাণে বাঁচতে সবাই বাথরুমে লুকিয়ে পড়েন। কিন্তু সেখানেও কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতির তৈরি হয়। যদিও দমকল আধিকারিকরা দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয়নি। পরে দগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দু’জনকে মৃত ঘোষণা করেন।
দমকল সূত্রে খবর, প্রবল শ্বাসকষ্টের কারণেই ওই দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। তবে কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। যদিও পুরো ঘটনা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। ঘটনাস্থলে পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানানো হয়েছে।
