সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগুন আতঙ্কের জেরে এবার অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দমকল। সঠিক পরিকাঠামো না থাকার দরুণ ও গাফিলতির কারণেই এই পদক্ষেপ দমকলের।
[ নারদ-কাণ্ডে সিবিআই দপ্তরে হাজির সাংসদ সুলতান আহমেদ ]
সোমবার সকালে অ্যাপোলো হাসপাতালের ৯ নং ওটিতে আগুন লাগে। ধোঁয়া হাসপাতাল চত্বর জুড়ে ছড়িয়ে পড়ে। ডাকা হয় দমকলকর্মীদেরও। ধোঁয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন এক কর্মী। পরে তাঁকে অক্সিজেন দিয়ে সুস্থ করা হয়। দমকলের দাবি, যদি ধোঁয়া নিয়ন্ত্রণের বিজ্ঞানসম্মত ব্যবস্থা থাকত তাহলে এই পরিস্থিতি তৈরি হত না। দমকলমন্ত্রীর আশঙ্কা, আজকে এখানে কোনও বড় কিছু ঘটেনি। কিন্তু এই অব্যবস্থার জেরে বিরাট কিছু ঘটে যেতে পারত। আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। যেখানে মানুষের জীবন-মরণ নির্ভর করছে, সেখানে কর্তৃপক্ষর আরও অনেকটা দায়িত্বসচেতন হওয়া উচিত বলেই মত তাঁর। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সামান্য আগুন লেগেছিল। তাঁদের কর্মীরাই তা নিভিয়ে ফেলেছেন। প্রোটোকল মেনে দমকলকে ডাকা হয়েছিল। এদিন দমকলমন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, যদি সত্যিই ওঁদের কর্মীরা আগুন নিভিয়ে ফেলতেন তাহলে তাঁর থেকে বেশি খুশি আর কেউ হতেন না। কিন্তু দমকলকর্মীদের কথায় স্পষ্টতই প্রমাণ মিলছে যে, আগুন নেভানো নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দমকলের এক আধিকারিক জানাচ্ছেন, ধোঁয়া নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাই এদিন ছিল না। এবং সে কারণে পরিস্থিতি বাগে আনতে গিয়ে তাঁদের কর্মীও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের কথায় এটা স্পষ্ট যে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল। সেই ভিত্তিতেই ফুলবাগান থানায় দায়ের করা হল এফআইআর।
[ মোদিকে শোনাবেন জাতীয় সংগীত, জানেন এই গায়িকা কী চান? ]
এর আগে শিশুমৃত্যুর জেরে কড়া জরিমানার মুখে পড়েছিল এই হাসপাতাল। তারপরই অগ্নিকাণ্ডেও মুখ পুড়ল হাসপাতালের।
The post অগ্নিকাণ্ডের জেরে অ্যাপোলোর বিরুদ্ধে দায়ের FIR appeared first on Sangbad Pratidin.
