লোকভবনের শূন্যপদ দ্রুত নিয়োগের জন্য নবান্নে চিঠি পাঠালেন রাজ্যপাল আরএন রবি। সূত্রের খবর, পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য ইমেল করা হয়েছে। রাজ্যপালের সচিব পদে একজন আইএএস আধিকারিক চাওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ সচিব পদে এক জন প্রোমোটি আইএএস, দু’জন যুগ্মসচিব ও একটি ডেপুটি সচিব পদের জন্য তিন জন ডব্লিউবিসিএস অফিসারের নাম চাওয়া হয়েছে, তাঁদের মধ্যে থেকে এক জনকে বেছে নেওয়া হবে।
রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পরই দ্রুত নিয়োগে চাইছেন রবি। ১২ মার্চ বাংলার নয়া রাজ্যপাল হিসাবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি (RN Ravi)। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথবাক্য পাঠ করান। অন্যদিকে রীতি মেনে শপথগ্রহণ অনুষ্ঠানে লোকভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তিত্ব।
এদিকে ভোট ঘোষণা হওয়ার পরই রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর, সোমবার প্রথমবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন রবি।এই সাক্ষাৎ নিছক সৌজন্যমূলক নাকি, অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে শুরু হয় জল্পনা। এবার শূন্যপদ দ্রুত নিয়োগের জন্য নবান্নকে চিঠি পাঠালেন তিনি।
