সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ধূমপান নিষিদ্ধ। কথার কথা নয়, এবার আরও কড়া হল আইন। নিষিদ্ধ করা হল রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে যে কোনও তামাকজাত পণ্য বিক্রি। রীতিমতো সার্কুলার জারি করল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যদপ্তর। স্বাস্থ্যকেন্দ্র, সরকারি হাসপাতালের ১০০ গজের মধ্যে ধূমপান করা যাবে না। ধূমপানে ধরা পড়লে গুনতে হবে মোটা টাকা জরিমানা।
স্বাস্থ্যদপ্তরের তরফে জানানও হয়েছে, যদি কোনও সরকারি হাসপাতালে কাউকে ধূমপান করতে দেখা যায় তাহলে প্রথমবার এক হাজার টাকা জরিমানা করা হবে। প্রথমবার ধরা পড়ার পর পরবর্তীতে ফের একই কারণে ধরা পড়লে দিতে হবে দু'হাজার টাকা। এবং তৃতীয়বার ধরা পড়লে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে দোষী ব্যক্তিকে। শুধু ধূমপান নিষিদ্ধ নয়, ১৮ বছরের কম বয়সীদের কাছে সিগারেট বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে হাসপাতাল চত্বরে।
স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি অবৈধ ঘোষণা করা হল। এই আইন ভাঙলে ২০০ টাকা জরিমানা এবং ওই দোকানের সমস্ত তামাকজাত পণ্য বাজেয়াপ্ত করা হবে। স্বাস্থ্যমন্ত্রীর কড়া নির্দেশ, প্রতিটি সরকারি হাসপাতালকে তামাকমুক্ত এবং গুটখামুক্ত করতে হবে। নিয়মিত স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে 'ড্রাইভ' চলবে হাসপাতালগুলিতে। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, হাসপাতালের প্রবেশপথ, ওপিডি, করিডর, শৌচাগার, লিফট, ক্যান্টিনে, সিড়ির প্রতিটি কোণে 'তামাকমুক্ত' এবং 'ধূমপান ও থুতু ফেলা নিষিদ্ধ' পোস্টার মারতে হবে।
