রক্তের খোঁজে হন্যে হয়ে ঘুরতে হবে না থ্যালাসেমিয়া রোগীকে। কোনও ব্লাড ব্যাঙ্কে (Blood Bank) নির্দিষ্ট গ্রুপের রক্ত না থাকলেও নিকটবর্তী কোন ব্লাড ব্যাঙ্কে তা মিলবে? জানাতে হবে ওই ব্লাড ব্যাঙ্ককেই। নয়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। প্রতিটি সরকারি ব্লাড ব্যাঙ্কের জন্য জারি হয়েছে এই সার্কুলার। কীভাবে খোঁজ মিলবে রক্তের? প্রতিটি রক্তের ব্যাগে ‘আরএফআইডি’ বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগ লাগাতে হবে। সেই ট্যাগের মাধ্যমে যুক্ত থাকবে একাধিক তথ্য। ওই ব্যাগে কোন ব্লাড গ্রুপের রক্ত আছে, অন্য কোনও উপাদান (প্লাজমা, প্লেটলেট) থাকলে তারও বিস্তারিত তথ্য, তার সংগ্রহের তারিখ, মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ। এবার প্রতিটি ব্লাড ব্যাঙ্ক একটি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকবে।
ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের গর্ভনিং বডির সদস্য বিশ্বরূপ বিশ্বাস জানিয়েছেন, রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে জানা যাবে নিকটবর্তী কোন ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় গ্রুপের রক্ত আছে। বনগাঁ থেকে বারসাত এসে থ্যালাসেমিয়া আক্রান্তকে ফিরে যেতে হবে না। বারাসাতের ব্লাড ব্যাঙ্ক থেকেই বলে দেওয়া হবে কামারহাটির সাগরদত্তে রয়েছে প্রয়োজনীয় গ্রুপের রক্ত।
নয়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, বৈধ রিকুইজিশন বা চাহিদাপত্র নিয়ে এলে অযথা দেরি নয়। দ্রুত দিতে হবে রক্ত। নয়া নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, প্রতিটি সরকারি ব্লাড ব্যাঙ্কে থ্যালাসেমিয়া রোগীদের দিতে হবে বিশেষ গুরুত্ব। কোনওভাবে যেন তাদের হেনস্তা হতে না হয়। স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতাদের সংখ্যা বাড়াতে দৃঢ় প্রতিজ্ঞ স্বাস্থ্য দপ্তর। সমস্ত ব্লাড ব্যাঙ্কের কর্মীদের, বিশেষ করে কাউন্টারে যাঁরা বসেন, তাদের বলা হয়েছে যাঁরা রক্ত নিতে আসবেন তাদের সঙ্গে ভদ্র সৌজন্যমূলক, সহানুভূতিশীল আচরণ করত হবে।
ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনর অর্গানাইজেশনের জাতীয় সভাপতি বিশ্বরূপ বিশ্বাস জানিয়েছেন, "রক্তদান একটা পারস্পরিক আদান প্রদানের বিষয়। যিনি প্রিয়জনের জন্য ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাবেন। তিনি স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দিতে আগ্রহী হবেন। যদি কেউ খারাপ ব্যবহার পান তবে স্বাভাবিক ভাবেই রক্ত দিতে চাইবেন না।" স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের জয়েন্ট ডিরেক্টর ডা. বিজয় প্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, নয়া নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি সরকারি ব্লাড ব্যাঙ্কে। কঠোরভাবে তা কার্যকর করতে হবে।
