shono
Advertisement
Health department of WB

রিঙ্গার্স ল্যাকটেট মামলায় স্বস্তি, অবসরের পর সাসপেনশন প্রত্যাহার আলাউদ্দিনের

সাসপেন্ড করেছিলেন মমতা, পালবদলের পর চিকিৎসকের সাসপেনশন প্রত্যাহার করল নতুন সরকার।
Published By: Jaba SenPosted: 09:31 PM Jun 17, 2026Updated: 09:31 PM Jun 17, 2026

বিগত সরকারের আমলে সাসপেন্ড হয়েছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন। রাজ্যে পালাবদলের পর সেই চিকিৎসকের সাসপেনশন প্রত্যাহার করা হল। মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্ত্রী রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান চিকিৎসক মহম্মদ আলাউদ্দিনের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করল স্বাস্থ্য দপ্তর। তিনি বর্তমানে অবসরপ্রাপ্ত। সাসপেন্ড হওয়ায় তিনি অবসরকালীন সুযোগ সুবিধা পাচ্ছিলেন না। সাসপেনশন প্রত্যাহার হওয়ায় এবার তিনি সেই সুযোগ পাবেন।

Advertisement

বিগত সরকারের আমলে মেদিনীপুর মেডিক‌্যাল কলেজে প্রসূতি মৃত‌্যুর ঘটনায় চাঞ্চল‌্য ছড়িয়েছিল। ২০২৫ সালের ৮ জানুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। অভিযোগ, রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়ার পরেই অসুস্থ হয়েছিলেন তাঁরা। পরে এক প্রসূতির মৃত্যু হতেই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। ব্যাপক সমালোচনার মুখে পড়ে তৃণমূল সরকার। এরপরই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়।

নবান্নে সাংবাদিক বৈঠক করে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড (নিলম্বিত) করার কথা ঘোষণা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় ছিলেন আলাউদ্দিনও। এই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এই আবহে গত ৩১ জানুয়ারি তিনি চাকরি থেকে অবসর নেন। এবার স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকাতে তাঁর সাসপেনশন প্রত্যাহারের পাশাপাশি ওই সময়কালে তাঁকে অন ডিউটি দেখানোর কথা জানানো হয়েছে। স্বাভাবিকভাবে অবসরকালীন যা সুযোগ সুবিধা অন্যরা পেয়ে থাকেন তিনিও তা-ই পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement