খুলে গেল অন্নপূর্ণা যোজনার পোর্টাল। বুধবার থেকে অনলাইনেই দেখা যাচ্ছে আবেদন ঠিক কোন অবস্থায় রয়েছে। সরকারি ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/ গেলেই দেখা যাচ্ছে আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে। আবেদন বাতিল হলে জানাতে ফের আবেদনের সুযোগ থাকছে। অথবা অযোগ্য কেউ অনুদান পেলে সেই অভিযোগও জানানো যাবে। তবে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে।
কীভাবে দেখবেন স্ট্যাটাস?
https://socialregistry.wb.gov.in/ যাওয়ার পর সিটিজেন/ ফ্যামিলি লগইন অপশনে ক্লিক করার পর আপনার জেলা নিবার্চন করতে হবে। তারপর যে মোবাইল নম্বর দিয়ে আপনি আবেদন করেছেন সেটি দিন। এরপর সংশ্লিষ্ট সেই নম্বরে ৬ সংখ্যার ওটিপি যাবে। সেটি দিতে হবে। তারপরই নতুন পেজ ওপেন হবে। সেখানে বেনিফিসারি স্ট্যাটাস ডিস্টেলস ক্যাটাগরির নিচে অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুফড, আন্ডার প্রসেস ও রিজেক্টেড। অ্যাপ্রুফড হয়ে থাকলে আপনি ইতিমধ্যেই টাকা পেয়েছেন অথবা খুব দ্রুতই তা পেয়ে যাবেন। আবেদনপত্র বাতিল হলে এই পোর্টালেই তথ্য দিয়ে ফের আবেদন করতে পারবেন। আন্ডার প্রসেস দেখানো মানে আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। এক্ষেত্রে কোনও আধিকারিক বাড়িতে গিয়ে নথিগুলি যাচাই করতে পারেন। এমনকী আসতে পারে ফোনও। সবকিছু ঠিক থাকলে অনুদানের টাকা আপনার অ্যাকাউন্ট পৌঁছে যাবে।
কীভাবে করবেন আবেদন?
পোর্টাল খোলার পর উপরের দিকে অবজেকশন ও ক্লেমের অপশন পাবেন। সেখানে ক্লিক করলে দু'টি অপশন আসবে। আবেদনপত্র বাতিল হলে একটিতে আবেদনকারী নিজের ফর্মের ভিত্তিতে আরও কিছু তথ্য দিয়ে ফের নিজের নামে আবেদন করতে পারবেন। এ ছাড়াও অন্য কেউ যদি অযোগ্য হয়েও অনুদান পেয়েছেন সেই তথ্যও সরকারের কাছে তুলে ধরা যাবে। তবে দু'টি ক্ষেত্রেই দিতে হবে নির্দিষ্ট তথ্য। সবটা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে প্রশাসন।
উল্লেখ্য, ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তার মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাদের ব্যাঙ্কে ৩ হাজার টাকা ঢুকতে শুরু করেছে। ২০ তারিখ দুপুরের মধ্যে এই বিপুল উপভোক্তা টাকা পেয়ে যাবেন। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। ১ কোটি ৬৬ লক্ষের আবেদনপত্র যাচাই করা হয়েছে (এরা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন)। যাঁরা ১০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত আবেদন করেছেন সেই বাকি থাকা ১৪ লক্ষের যাচাইপর্ব চলছে। তাঁদের মধ্যে যাঁরা যোগ্য হবে তাঁরা টাকা পেয়ে যাবেন। প্রতিমাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা মিলবে।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, কোনও যোগ্য উপভোক্তা তালিকা থেকে বাদ পড়লে তাঁরা নতুন পোর্টালে আবেদন করতে পারবেন। সব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে প্রশাসন। যোগ্য মনে করা হলে তাঁর নামও যুক্ত করা হবে। সেই মোতাবেক খুলে দেওয়া হল পোর্টাল।
