দুপুরের পর কলকাতায় বিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে রবিবার থেকে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড় ও বজ্রপাতের আশঙ্কা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে।
বঙ্গজুড়ে বর্ষা ছড়িয়ে পড়লেও গরম ও অস্বস্তি বজায় রয়েছে দক্ষিণবঙ্গে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে গরম ও অস্বস্তি বেশি থাকবে। এর মধ্যে কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পর্যন্ত পৌঁছতে পারে। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। তবে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি সম্ভাবনাও রয়েছে। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া বাঁকুড়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।
রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। পার্শ্ববর্তী জেলা অর্থাৎ হুগলি, উত্তর চব্বিশ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির আশঙ্কা! বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবার পর্যন্ত অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গের তিন জেলায়। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
