shono
Advertisement

টালা প্রত্যয়ে সাফাই অভিযানে বদলে গেল কমিটি! পুজোর দায়িত্বে কোন শিল্পী?

পূর্বতন কমিটির বিরুদ্ধে অভিযোগ, বেআইনি ভাবে খেলার মাঠ দখল করে পুজো করা হচ্ছিল। পাশাপাশি পুজোর সময় রাস্তা বন্ধ করে দেওয়ায় স্থানীয়দের সমস্যার মধ্যে পড়তে হত।
Published By: Sulaya SinghaPosted: 08:57 PM Jul 21, 2026Updated: 09:17 PM Jul 21, 2026

রাজ্যে পালাবদলে ভোল বদলাচ্ছে দুর্গাপুজোর। উত্তর থেকে দক্ষিণ, দুর্নীতির খোলনলচে বদলে তৈরি হচ্ছে নতুন কমিটি। এবার সেই 'সাফাই' অভিযানের তালিকায় নাম উঠে এল টালা প্রত্যয়ের। গত কয়েক বছরেই যে পুজো শহর কলকাতার প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। পুজোকে ঘিরে একাধিক অভিযোগে বিদ্ধ টালা প্রত্যয়ের কমিটি থেকে পুজো শিল্পী, সবেতেই বদল ঘটছে।

Advertisement

গত কয়েক বছর ধরে পুজোর শেষ দিনই আগামী বছরের পুজোর শিল্পীর নাম ঘোষণা করার ট্রেন্ড চালু করেছিল টালা প্রত্যয়। যদিও গত বছর সেই নাম নিয়েও বিস্তর জলঘোলা হয়। ক্লাবের সঙ্গে মনোমালিন্যে শেষ মুহূর্তে বদলে যায় শিল্পী। সুশান্ত শিবাণী পালের বিকল্প হিসেবে ভবতোষ সুতারকে বেছে নেয় ক্লাব। এবারও ক্লাবের ১০১ তম বর্ষে তাঁর সৃজনেই সেজে ওঠার কথা ছিল টালা প্রত্যয়ের। কিন্তু তৃণমূল সরকারের জমানায় ইতি ঘটতেই ছন্দপতন। কাজ শুরু হওয়া সত্ত্বেও তা বন্ধ করে দেওয়া হয়। পূর্বতন কমিটির বিরুদ্ধে অভিযোগ, বেআইনি ভাবে খেলার মাঠ দখল করে পুজো করা হচ্ছিল। পাশাপাশি পুজোর সময় রাস্তা বন্ধ করে দেওয়ায় স্থানীয়দের সমস্যার মধ্যে পড়তে হত। এখানেই শেষ নয়, পুজোর নামে তোলাবাজি, স্বেচ্ছাচারিতা, দুর্নীতির নানা অভিযোগ তোলেন স্থানীয়রা। এরপরই ভেঙে দেওয়া হয় মণ্ডপের যাবতীয় নির্মাণকাজ। বিশ বাঁও জলে চলে যায় টালা প্রত্যয়ের পুজোর ভবিষ্যৎ। তবে রথের মাঝেই উৎসবের হাওয়া লাগল টালা প্রত্যয়ের পালে।

মঙ্গলবার 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'কে তিনি জানান, "এতকাল পুজোর নামে একনায়কতন্ত্র চালানো হয়েছে। এবার টালা প্রত্যয়ে ফিরবে পাড়ার পুজোর ফ্লেভার। স্থানীয় বাসিন্দাদের নিয়ে সকলে মিলে পুজোর আয়োজন করব।"

টালা প্রত্যয়ের দুর্গাপুজো

পূর্বতন সদস্যদের ছাঁটাই করে নতুন সদস্যদের নিয়ে তৈরি হয়েছে কমিটি। যার সম্পাদক বিশ্বেশ্বর পাণ্ডে। মঙ্গলবার 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'কে তিনি জানান, "এতকাল পুজোর নামে একনায়কতন্ত্র চালানো হয়েছে। এবার টালা প্রত্যয়ে ফিরবে পাড়ার পুজোর ফ্লেভার। স্থানীয় বাসিন্দাদের নিয়ে সকলে মিলে পুজোর আয়োজন করব।" তবে কি এবার মাঠে বিশালাকারের পুজোর সাক্ষী থাকবেন না? কমবে বাজেটও? বিশ্বেশ্বর পাণ্ডের কথায়, মাঠ দখল করে পুজোর আয়োজনে তাঁরা বিশ্বাসী নন। প্রশাসনের অনুমতি নিয়ে যতখানি জায়গায় পুজো করা যাবে, সেখানেই বড় করে হবে দেবীর আরাধনা। সাধারণ মানুষের যাতায়াতের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও বিশেষ নজর থাকবে। অর্থাৎ, এবারও যে শহরের নামজাদা বিগ বাজেট পুজোগুলির মধ্যেই তাঁরা থাকবেন, তেমনই ইঙ্গিত দিলেন তিনি।

আর শিল্পী? চলতি বছর এই একটিমাত্র পুজোর দায়িত্বে থাকলেও ক্লাবের ডামাডোলের মধ্য়ে অন্য ক্লাবে নাম লিখিয়েছেন ভবতোষ সুতার। ফলে তাঁকে যে আর এবছর টালা প্রত্যয়ে দেখা যাবে না, তা বলে দেওয়া যেতেই পারে। ক্লাবের নবগঠিত কমিটির তরফে এ নিয়ে এখনও মুখ খোলা না হলেও শোনা যাচ্ছে, এবছর কামব্যাক করতে চলেছেন সুশান্ত পালই। আগামী সপ্তাহেই পুজো নিয়ে একাধিক ঘোষণা করবে ক্লাব। তখনই গোটা ছবিটা পরিষ্কার হবে। এবার দুর্নীতি মুক্ত টালা প্রত্যয়ের পুজোয় আগের মতোই জাঁকজমক, চাকচিক্য থাকে কিনা, সেটাই এখন লাখ টাকার সওয়াল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement