আর জি কর লিফট কাণ্ডে ৭২ দিনের মাথায় চার্জশিট পেশ করল লালবাজার। জানা যাচ্ছে, তাতে নাম রয়েছে ৫ জনের। ২০০ পাতার চার্জশিটে ঘটনার হাড়হিম করা বর্ণনা রয়েছে বলেই সূত্রের খবর। সেখানে তুলে ধরা হয়েছে লিফটম্যানদের দায়িত্বজ্ঞানহীনতার কথা।
ঘটনার সূত্রপাত চলতি বছরের মার্চে। আর জি কর হাসপাতালে ছেলের চিকিৎসার জন্য গিয়েছিলেন দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। একটা সময়ে ছেলে শৌচালয়ে যেতে যান। সেই কারণে অরূপ ছেলে ও স্ত্রীকে নিয়ে শৌচালয়ে যাওয়ার জন্য লিফটে ওঠেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে লিফটি আটকে যায়। বেশ কিছুক্ষণ লিফটের মধ্যেই আটকে থাকেন তাঁরা। এই পরিস্থিতিতে একটা সময় লিফটের গর্তে পড়ে যান অরূপের ছেলে ও স্ত্রী। অন্যদিকে লিফটের দরজা ও দেওয়ালের মাঝে পড়ে ঘষা খেয়ে মৃত্যু হয় অরূপের। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবারের সদস্যরা। ঘটনার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। উঠে এসেছিল নিরাপত্তারক্ষীদের চরম গাফিলতির তথ্যও।
জানা গিয়েছিল, বিপর্যয়ের সময় যারা লিফটের দায়িত্বে ছিলেন তাঁরা নাকি মদ্যপ ছিলেন, তাই বুঝতেই পারেননি ওই পরিস্থিতিতে কী করতে হবে। আজ, সোমবার ঘটনার ৭২ দিনের মাথায় সেই লিফট কাণ্ডে আদালতে চার্জশিট পেশ করল লালবাজার। ২০০ পাতার চার্জশিটে ঠিক কী ঘটেছিল, কীভাবে লিফটের দরজা ও দেওয়ালের মাঝে ঘষা খেয়েছিলেন অরূপ, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে বলেই খবর। পাশাপাশি, লিফটম্য়ানদের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এই ভয়ংকর ঘটনা বলে উল্লেখ করা হয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে।
