গৌতম ব্রহ্ম: পুজোর আগেই বসতির ‘উত্তরণ’! কলকাতা পুরসভার খাতায় থাকবে না ‘বসতি’! তার বদলে ব্যবহার হবে ‘উত্তরণ’ শব্দবন্ধ। মঙ্গলবার, তৃতীয়ার বিকেলে পুজোর ভারচুয়াল উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এমনই নির্দেশ দিলেন।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) সাফ জানিয়ে দিলেন, ‘‘বসতি আর বলবে না। ওদের মধ্যে যে প্রাণ আছে, যে ভালবাসা আছে, তা অনেকের নেই। বসতি কথাটা তুলে দাও।’’ এরপরই বসতির বদলে ‘উত্তরণ’ শব্দটি ব্যবহার করতে বলেন।
[আরও পড়ুন: সমলিঙ্গ বিবাহে সম্মতি নয় এখনই, সরকারের উপর সিদ্ধান্ত ছাড়ল সুপ্রিম কোর্ট]
এদিন বিকেলে কালীঘাটের বাড়ি থেকেই শহরের বারোটি পুজোর ভারচুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তালিকায় ছিল আলিপুরের ‘আমরা সকল পল্লি সমিতি’-ও। ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই বসতির বাসিন্দারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের কট্টর সমর্থক তা প্রকাশ্যে স্বীকার করেন মেয়র। পুজোটির সঙ্গে মুখ্যমন্ত্রীর বহুদিনের সম্পর্ক। পুরনো স্থানীয় বাসিন্দাদের প্রায় সবাইকে চেনেন তিনি। ফিরহাদ বক্তব্য রাখার সময়ই মুখ্যমন্ত্রী তাঁর কাছে জানতে চান, ওই এলাকার সকলে ঠিকা-স্বত্ব পেয়েছেন কি না। মেয়র জানান, ‘‘সকলেই পেয়ে গিয়েছেন।’’
[আরও পড়ুন: উত্তরপ্রদেশের সাবান তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪]
তখন মুখ্যমন্ত্রী বলেন, “ঠিকা-স্বত্ব পেয়ে গেলে তো নিজেদের জায়গা। এটাকে বসতি বলবে না। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বসতি বলে কিছু হয় না। বসতি কথাটা তুলে দাও। প্রয়াস বা এই জাতীয় কিছু নাম দাও। কিংবা উত্তরণ।” ফিরহাদের অনুরোধে শেষে মমতা বসতির বদলে ‘উত্তরণ’ শব্দটি চূড়ান্ত করেন। মেয়রকে সাফ বলেন, “বসতি শব্দটি আর বলবে না।” মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ফিরহাদও জানান, পুরনিগমে (KMC) তিনি এই শব্দটি ঠিক করে নেবেন। মমতার প্রস্তাব, এগুলিকে যেন উত্তরণ-১, উত্তরণ-২, উত্তরণ-৩, এভাবে যেন নামকরণ করা হয়।
