আশাকর্মীদের পর পার্শ্বশিক্ষকরা! বাজেটে ১ হাজার টাকা বাড়ানোর পর পথে পার্শ্বশিক্ষকরা। তাঁদের দাবি, বেতন আরও বাড়াতে হবে। বাজেটে (WB Budget) মাত্র ১ হাজার টাকা বেতন বৃদ্ধি করে তাঁদের অপমান করা হয়েছে। প্রতিবাদ জানিয়ে আজ, মঙ্গলবার বিকাশভবন (Bikash Bhavan) অভিযান করেন তাঁরা। রাস্তায় বসে পড়েছেন আন্দোলনকারীরা। তাতেই বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে।
ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে রাজ্যের পার্শ্বশিক্ষকদের ১ হাজার টাকা বাড়ানো হয়েছে। কিন্তু তাতে ক্ষুদ্ধ পার্শ্বশিক্ষকদের একাংশ। তাঁদের দাবি, দীর্ঘদিন বাদে ১ হাজার টাকা বাড়িয়ে তাঁদের অপমান করা হয়েছে। বেতন আরও বৃদ্ধি করতে হবে ও স্থায়ীকরণের দাবিতে তুলে মঙ্গলবার তাঁরা বিকাশ ভবন (Bikash Bhavan) অভিযানের ডাক দেন। আন্দোলনরত এক পার্শ্বশিক্ষক বলেন, "২০১৮ সালে আমাদের বেতন ১০ হাজার টাকা করা হয়। তারপর ৮ বছর পর ১হাজার টাকা বেতন বৃদ্ধি করে সমাজের কাছে হেয় করেছে।"
মিছিল বিকাশ ভবনের সামনে মিছিল পৌঁছতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। ব্যারিকেড টপকে অনেক এগিয়ে যান। বাধা দেয় পুলিশ। কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে। পুলিশের তরফে তা অস্বীকার করা হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।
উল্লেখ্য, ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে প্যারা-শিক্ষক, শিক্ষা বন্ধু, সহায়ক-সহায়িকা, ব্যবস্থাপনা কর্মীদের বেতন ১,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ৬০ বছর আগে কারও মৃত্যু হলে নিকট আত্মীয়দের জন্য এককালীন ৫লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ২০২৬ সালের এপ্রিল মাস থেকে তা কার্যকর হবে। এর জন্য বাজেটে মোট ১১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
