shono
Advertisement
Saline crisis

হাসপাতালে যুদ্ধের কোপ! স্যালাইনের ঘাটতিতে সার্কুলার জারি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এই মর্মে জারি করল নয়া সার্কুলার। যেখানে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে একাধিক ওষুধ এবং ভোগ্যপণ্যের ঘাটতি দেখা দিয়েছে।
Published By: Amit Kumar DasPosted: 01:59 PM May 22, 2026Updated: 01:59 PM May 22, 2026

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গের হাসপাতালে স্যালাইনে ঘাটতি। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এই মর্মে জারি করল নয়া সার্কুলার। যেখানে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে একাধিক ওষুধ এবং ভোগ্যপণ্যের ঘাটতি দেখা দিয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ অর্থাৎ অধুনা ইজরায়েল ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত। মুহুর্মুহু সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি।

Advertisement

বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধের কারণে অনেক ওষুধ তৈরির রাসায়নিক উপাদান, মেডিক্যাল কনজিউমেবেল এবং প্যাকেজিং সামগ্রী যা আন্তর্জাতিক বাজার থেকে আসে, তা ব্যাহত হচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে জাহাজ ভাড়া এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। যার জেরে প্যারাসিটামল ট্যাবলেট, ১০০ মিলি স্যালাইন, প্যান্টোপ্রাজল ট্যাবলেট, ওআরএস, মেটফর্মিন ট্যাবলেট, টেলমিসার্টান ট্যাবলেট, ডিসপোজিবল সিরিঞ্জ জোগানে টান পড়েছে। এই সংকট মোকাবিলার জন্য সংশ্লিষ্ট হাসপাতাল ও জেলা হাসপাতালের সমস্ত কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এই উপাদানগুলি ননক্যাট সামগ্রী বা নন ক্যাটালগ সামগ্রী হিসেবে সংগ্রহ করতে হবে। অর্থাৎ এই উপাদানগুলো সরবরাহ তালিকার মধ্যে পাওয়া যাবে না।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ হরমুজ। ইরানের তরফে বন্ধ করা হয়েছে হরমুজের পণ্য পরিবহণ, অন্যদিকে পালটা ইরানের বন্দর অবরোধ করেছে আমেরিকা। যার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের পাশাপাশি এর গুরুতর প্রভাব পড়েছে ভারতে। জ্বালানি তো বটেই পেট্রোপণ্য-সহ প্যাকেজিং সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় বহু পণ্য রীতিমতো অমিল বা দাম বেড়েছে অনেকখানি। এরই গুরুতর প্রভাব এবার পড়ল স্বাস্থ্য ক্ষেত্রে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement