সল্টলেকের দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস ইনস্টিটিউটের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রের। সোমবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়। ওই ছাত্র কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে। যদিও এটি আত্মহত্যা নাকি খুন তা এখনও স্পষ্ট নয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হোসে ইউয়ান জেবিন (২০)। তিনি সল্টলেকের দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ কলেজের সামনে থেকে জেবিনের দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করে থাকতে পারেন ওই ছাত্র। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়। তাঁর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পিছনে অন্য কোনও বিষয় রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই ছাত্রের পরিবারের সদস্যদের খবর দিয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ছাত্রের বন্ধুদের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে পুলিশকে সহযোগিতা করছেন তাঁরা। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, সোমবারই নরেন্দ্রপুরের বন্ধ ফ্ল্যাট থেকে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মৃতের বান্ধবী-সহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবার সল্টলেকে ভিনরাজ্যের এক ছাত্রের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এল।
