shono
Advertisement
WB Assembly Election 2026

জয় শ্রীরাম বললেই ৫০০ টাকা ছাড়! কলকাতার চিকিৎসকের পোস্টার ঘিরে তুঙ্গে বিতর্ক, কী সাফাই?

'রাজনীতি করার অধিকার প্রত্যেকের আছে। কিন্তু চিকিৎসা একটা অত্যন্ত পবিত্র পেশা। আমাদের শপথ নিতে হয় যে প্রতিটি মানুষকেই সমানভাবে পরিষেবা দেব', বলছেন শান্তনু সেন।
Published By: Tiyasha SarkarPosted: 08:33 PM Apr 13, 2026Updated: 08:47 PM Apr 13, 2026

জয় শ্রীরাম বললেই ৫০০ টাকা ছাড়! সোশাল মিডিয়ায় এমনই এক পোস্ট করে তুমুল বিতর্কের মুখে কলকাতার বিখ্যাত চিকিৎসক পিকে হাজরা। যদিও চিকিৎসক গোটা বিষয়টায় কোনও ভুল দেখছেন না। তাঁর যুক্তি, সকলের রাজনৈতিক মতাদর্শ থাকে। তাঁর ক্ষেত্রেও বিষয়টা সেরকমই।

Advertisement

বিষয়টা ঠিক কী? সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন চিকিৎসক পিকে হাজরা। পোস্টের বয়ানে তিনি লেখেন, যে সমস্ত রোগী চিকিৎসকের চেম্বারে এসে ‘জয় শ্রী রাম’ বলবেন, তাঁরা ডাক্তারবাবুর কনসালটেশন ফি বা পরামর্শ মূল্যে বিশেষ ছাড় পাবেন। স্বাভাবিকভাবেই এই পোস্ট ঘিরে মাথাচাড়া দেয় বিতর্ক। একজন চিকিৎসক কীভাবে এমন পোস্ট করলেন, তাঁর নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন সকলে। প্রশ্ন ওঠে, রোগীদের ক্ষেত্রে কীভাবে এমন মন্তব্য করতে পারেন একজন চিকিৎসক?

বিতর্কের মুখে চিকিৎসকের যুক্তি, বিধানচন্দ্র রায় যদি চিকিৎসক হওয়া সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, ডাঃ শান্তনু সেন যদি তৃণমূলের সাংসদ হতে পারেন, তবে তার এই পোস্টে সমস্যা কোথায়? তিনি আরও বলেন, "জয় শ্রী রাম  কোনও ধর্মীয় স্লোগান নয়, এটি রাজনৈতিক স্লোগান। সবাই নিজের মতো করে প্রচার করছে। আমি আমার পেশার মাধ্যমেই প্রচার সারছি। ডাক্তারিই আমার প্রচারের অস্ত্র।" এই আচরণের তীব্র নিন্দা করেছেন ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় ও ডাঃ সুবর্ণ গোস্বামী। তাঁদের যুক্তি, ব্যক্তি হিসেবে রাজনৈতিক মতামত পেশ করা যেতেই পারে, কিন্তু চিকিৎসক হিসেবে কোনও রাজনৈতিক স্লোগান ব্যবহার করলে ছাড়ের আশ্বাস দেওয়া যেতে পারে না। এটা নীতি বিরোধী। পি কে হাজরার এই আচরণে লজ্জিত চিকিৎসকদের একাংশ। এপ্রসঙ্গে চিকিৎসক শান্তনু সেন বলেন, "রাজনীতি করার অধিকার প্রত্যেকের আছে। কিন্তু চিকিৎসা একটা অত্যন্ত পবিত্র পেশা। আমাদের শপথ নিতে হয় যে প্রতিটি মানুষকেই সমানভাবে পরিষেবা দেব। সেখানে দাঁড়িয়ে এটা করা অন্যায়।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement