shono
Advertisement

শহরে ব্যতিক্রমী ম্যারাথনের আয়োজন, যোগ দিচ্ছেন বিশ্বরেকর্ডধারী

ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতার পক্ষ থেকে বিশেষ এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
Posted: 09:39 PM Feb 26, 2022Updated: 09:39 PM Feb 26, 2022

অভিরূপ দাস: কেউ হাঁটবেন দু’পায়ে, কেউ হুইলচেয়ারে বসেই তাঁদের সঙ্গে পাল্লা দেবেন। রবিবার এই দৃশ্য দেখা যাবে কলকাতার (Kolkata) রাস্তায়। তিলোত্তমায় এই প্রথমবার হচ্ছে এক ব্যতিক্রমী ম্যারাথন। যাতে পা আর হুইলচেয়ারের চাকা যেখানে একসঙ্গে ছুটবে। 

Advertisement

ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতার (Institute of Neurosciences Kolkata) পক্ষ থেকে বিশেষ এই ম্যারাথনের আয়োজন করা হচ্ছে। যাকে বলা হচ্ছে যুগলবন্দি ম্যারাথন। সাধারণ মানুষের পাশাপাশি হুইলচেয়ারে ম্যারাথনে যোগ দেবেন বিশেষভাবে সক্ষম প্রতিযোগীরা।  

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বিশেষ এই ম্যারাথনের সূচনা করবেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। উপস্থিত থাকবেন লক্ষ্মীরতন শুক্লাও। আর থাকবেন কমলকান্ত নায়ক (Kamal Kant Nayak)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) নাম রয়েছে ওড়িশার এই ভূমিপুত্রের। মাত্র ২৪ ঘন্টায় ২১৫.৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে রেকর্ড গড়েছেন তিনি।  গোটা রাস্তাটাই হুইলচেয়ারে গিয়েছিলেন কীর্তিমান।

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ফেরত রাজ্যের পড়ুয়াদের পাশে মমতা, নিখরচায় ঘরে ফেরানোর ব্যবস্থা]

ভলিবল খেলোয়াড় কমলকান্ত ২০১৪ সালে খেলতে গিয়েই মেরুদণ্ডে চোট পান। দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। চিকিৎসকরা জানিয়ে দেন, তার পক্ষে আর কোনওভাবেই আর হাঁটাচলা সম্ভব নয়। এই কথা শোনার পর ভেঙে পড়েছিলেন কমলকান্ত। আত্মহত্যার কথাও ভেবেছিলেন ওড়িশার বাসিন্দা। কোচ, পরিবার ও চিকিৎসকদের প্রেরণায় সেই ধাক্কা কাটিয়ে উঠেছেন। শুরু করেন হুইলচেয়ার দৌড়। বর্তমানে কমলাকান্ত ওড়িশার হুইলচেয়ার বাস্কেটবল দলের অধিনায়ক।

ম্যারাথনে অংশ নিচ্ছেন মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা অপূর্ব সামন্তও (২৮)। ২০১৭ সালে মৌমাছির হাত থেকে বাঁচতে গিয়ে চলার শক্তি হারান অপূর্ব। তুমুল স্পিডে বাইক নিয়ে যাচ্ছিলেন। আচমকাই মৌমাছি তাড়া করে। নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরেন রাস্তায়। দীর্ঘদিন ভরতি ছিলেন হাসপাতালে। অপূর্বর কথা অনুযায়ী, বিকলাঙ্গ হয়ে পড়লে অনেকেই নিজেদের চার দেওয়ালের ভিতরে বন্দি করে ফেলেন। অনেকে আবার মানুষের উপহাসের পাত্র হওয়ার ভয়ে থাকেন। এই মানসিকতা পালটাতে চান ঘাটালের যুবক। পাশাপাশি অলিম্পিকে গিয়ে দেশের জন্য মেডেল আনতে চান। 

[আরও পড়ুন: ‘শুভেন্দুর প্রার্থী’কে ভোট দেওয়ার আরজি, তৃণমূল নেতাকে ফোন শিশির অধিকারীর! ভাইরাল অডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement